জামাত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট
জামাত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছয় ছাত্র সংগঠনের জোট। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে জোটের নেতারা এ দাবি জানান।
সমাবেশে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোটের অন্যতম বাংলাদেশ ছাত্র লীগ ও পাঁচ বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
তারা বলেন, জামাতে ইসলামীর লক্ষ্য ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিনত করা।
বাংলাদেশ ছাত্র লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু ছাত্র শিবিরকে দোষারোপ করে বলেন, ‘এই সংগঠনটি দেশজুড়ে শিক্ষাঙ্গনের পরিবেশ ধ্বংস করছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভ্রƒকুটি দেখিয়ে ছাত্র শিবির একে একে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল দখল করছে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু এবং জাসদ ছাত্রলীগ সভাপতি শরিফুল কবীর স্বপন প্রমুখ।
সমাবেশের আগে ছাত্র লীগের নেতা কর্মীরা ক্যাম্পাসে শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করে।
