সেনবাগে বিএনপি ক্যাডারদের হামলায় আওয়ামী লীগের সম্মেলন পন্ড
বিএনপি ক্যাডাররা হামলা চালিয়ে শুক্রবার নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পণ্ড করে দিয়েছে। হামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ৩০ জন নেতা কর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে আলমগীর শাহরিয়ার আলো (৩০), একরাম হায়দার সুমন (২৭) এবং হারুনুর রশীদের অবস্থা গুরুতর।
হামলার পর মাইজদী ‘নয়া সংবাদ’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ চৌধুরী জানান, বিএনপি ক্যাডারদের বাধার মুখে আহতদের হাসপাতালেও ভর্তি করা যাচ্ছেনা।
জাফর চৌধুরী জানান, বিএনপি ক্যাডাররা প্রথমে বোমা ফাটিয়ে আতংকের সৃষ্টি করে এবং পরে রাইফেলের বাট এবং হকিস্টিক দিয়ে পিটিয়ে উপস্থিত লোকজনদের মারাতœক ভাবে আহত করে। এব্যাপারে থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ করা হয়নি বলে জাফর চৌধুরী অভিযোগ করেন।
এরআগে গত ২৩ ফেব্র“য়ারি আওয়ামী লীগের আরেকটি ইউনিয়ন সম্মেলন বিএনপি ক্যাডাররা একই ভাবে পন্ড করে দেয় বলে সংবাদ সম্মেলনে জানান জাফর চৌধুরী।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রাক্তন পুলিশ সুপার আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন বীর প্রতীক, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বাহার উদ্দিন এবং কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম মানিক।
