আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে দেশে ধ্বংসাত্মক কাজ করছে : খালেদা জিয়া
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে দেশে ধ্বংসাত্মক কাজ করছে। আর বিদেশে গিয়ে গিয়ে লিপ্ত হচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্রে। যা বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।
বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার সালথা কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন।
বেগম খালেদা জিয়া বলেন, দেশের জনগণ আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। আর এটা জেনেই আওয়ামী লীগ এখন নির্বাচন পদ্ধতি সংস্কারের কথা বলছে। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কথা বলছে। অথচ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির দাবি তারাই করছিল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কারের কথা বলে আসলে নির্বাচন বয়কটের বাহানা খুঁজছে। তারা চায় না দেশের মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিল, তারা বিরোধী দলে গেলেও আর হরতাল করবে না। আর এখন হরতাল ডেকে সন্ত্রাস, অরাজকতা আর ভাংচুর করছে।
বিএনপির সালতা থানা কমিটির সভাপতি আতিয়ার রহমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ কেএম ওবায়দুর রহমান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, চৌধুরী আকমল ইবনে ইউসুফ, বিএনপির ফরিদপুর জেলা কমিটির সভাপতি জহিরুল হক শাহজাদা, শাহ মো: আবু জাফর, এসএম শাহরিয়ার রুমী প্রমুখ।
জনসভার আগে বেগম খালেদা জিয়া সালথা থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। নগরকান্দা উপজেলার পশ্চিম অংশের ৬টি ইউনিয়ন নিয়ে ২০০০ সালের ২৪ ডিসেম্বর সালথা থানার কার্যক্রম শুরু হয়েছিল।
