১০ মার্চ প্রধানমন্ত্রী সালথা যাচ্ছেন
প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১০ মার্চ বৃহস্পতিবার ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সালথা আসছেন। এখানে তিনি নবনির্মিত সালথা থানাভবন উদ্বোধন করবেন। পরে স্থানীয় কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
জেলার পশ্চিমাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত সালথা থানার কার্যক্রম শুরু হয় ২০০০ সালের ২৪ ডিসেম্বর। ইউনিয়নগুলো হচ্ছে- যদুনদী, সোনাপুর, গট্টি, ভাওয়াল, আটঘর ও রামকান্তপুর। ১৪৩ দশমিক ২৪ বর্গ কিলোমিটারের আয়তনের নতুন সালথা থানার লোকসংখ্যা ১ লাখ ১২ হাজার ৯ শ’ ৯৪ জন। থানা ভবন নির্মাণে খরচ হয়েছে ২ কোটি ২ লাখ ৩৬ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
