বিএনপি’র ‘গুন্ডা’দের প্রতিহত করতে বিকল্পধারার অঙ্গীকার
বিকল্পধারা বাংলাদেশ (বিডিবি) বিএনপি’র ‘গুন্ডাবাহিনী’র হাতে দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শনিবার তীব্র নিন্দা জানায়।
দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিকল্প ধারার শীর্ষ নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে বিএনপি’র ‘গুন্ডা’দের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডিবি সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, “কেউ বিরোধী দলকে দমন করে বা তাদের মুখ বন্ধ করে টিকে থাকতে পারে না। সরকারের দিন ঘনিয়ে এসেছে, তারা কেবল স্যালাইন দিয়ে টিকে আছে, এখন অক্সিজেন নেয়ার সময় এসে গেছে।”
জনগণের সম্পত্তি সরকার লুট করছে এই অভিযোগ তুলে সাবেক প্রেসিডেন্ট বলেন, জনগণের সম্পত্তি লুট করে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না।
জনাব চৌধুরী বলেন, ক্ষমতাসীন সরকারের ক্যাডাররা বিরোধী কর্মীদের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসও চলছে। তিনি বলেন,“সরকারের দৃষ্টিভঙ্গি শুধু অগণতান্ত্রিকই নয় বরং এটি গণতন্ত্র বিরোধীও।”
বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ করে তিনি বলেন,“দয়া করে ইতিহাস পড়–ন এবং এর থেকে শিক্ষা নিন - পেশীশক্তি দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না।”
দেশে মৌলবাদের উত্থান সম্পর্কে অধ্যাপক বদরুদ্দোজা বলেন,“আমরা সব রকম মৌলবাদের বিরুদ্ধে। আমরা সব ধর্মে মূল্যবোধকে শ্রদ্ধা করি। উগ্রবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কিন্তু আমরা ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে নই। আমরা দেশে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করতে চাই যাতে সব ধর্মের লোক পাশাপাশি অবস্থান করতে পারে।”
বিডিবি’র সাংগঠনিক সম্পাদক মাহি বি চৌধুরী এমপি তার দলের নেতাকর্মীদের দেশের বিভিন্ন স্থানে আক্রমণ করার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, বিডিবি মধ্য মার্চে নির্বাচনী অভিযান শুরু করবে যার উদ্দেশ্য হবে তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মী তুলে আনা।
তিনি আরো বলেন,“আমরা ইতিমধ্যেই নির্বাচনী অভিযানের জন্য ১০০টি আসন সনাক্ত করেছি এবং বাকিগুলোতেও পর্যায়ক্রমে তা করা হবে। আমরা আমাদের নেতাকর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণও দেব।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“যদিও সব প্রধান বিরোধী দলই সরকার বিরোধী অবস্থান নিয়েছে কিন্তু এখনই সরকারবিরোধী একক প্লাটফর্ম গঠনের সম্ভাবনা নেই।”
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
