২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবারের সমাবেশকে সামনে রেখে ১ হাজারেরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মকে আটক করা হয়েছে: যুবলীগ

দেশব্যাপী আওয়ামী লীগের সমাবেশকে সামনে রেখে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ১ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2005, 10:30 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে। তবে এটা স্পষ্ট নয় যে, এই গ্রেফতারের সাথে বিরোধী দলের কর্মসূচির কোনও যোগসূত্র আছে কিনা।

সকল বোমা ও গ্রেনেড হামলার তদন্ত এবং হামলাগুলোর সাথে জড়িতদের বিচার, নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রতিবাদে ও সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ বুধবার বিকেল ৩টায় পল্টন ময়দানে সমাবেশের আয়োজন করেছে।

আওয়ামী লীগের আরেকটি সূত্র জানায়, পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার করতে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে অভিযানে নেমেছে। 

পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানায়, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। এছাড়া সন্দেহজনকভাবেও অনেককে আটক করা  হয়েছে বলেও তারা জানান। 

আওয়ামী লীগ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, তাদের সমাবেশকে বানচাল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর বিভিন্ন স্থান থেকে কয়েকশ’ নেতাকর্মী ও সমর্থককে আটক করেছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, পুলিশ যুবলীগের শীর্ষ নেতাদের বাসায় বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করছে। যুবলীগ নেতা হারুন-উর-রশিদ, মনিরুজ্জামান মনির, হান্নান হোসেন, মোহম্মদ সেলিম, মোহম্মদ শামীম এবং রাজুকে আটক করেছে বলে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে।