ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে তৃতীয় পক্ষের উত্থান, বিক্ষুব্ধ নেতা কর্মীদের মিছিল সমাবেশ
ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে তৃতীয় পক্ষের উত্থান ঘটছে। প্রস্তাবিত ওয়ার্ড কমিটি নিয়ে বিরোধ এখন তুঙ্গে। সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র“পের প্রকাশ্য দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তাদের বাইরে তৃতীয় ওই পক্ষটি পৃথক নেতৃত্ব সৃষ্টির চেষ্টা করছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে চলছে গোপন বৈঠক।
এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এবং মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে সমন্বিত একটি গ্র“প মঙ্গলবার রাজধানীতে প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে। তারা প্রস্তাবিত কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে তা মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন।
প্রস্তাবিত ৪৫টি পুনর্গঠিত ওয়ার্ড কমিটি চাপিয়ে দেওয়ায় বিক্ষুব্ধ অংশটি হানিফ--মায়া দু’জনের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে একটি গ্র“পকে ঢালাওভাবে সমর্থন দিয়ে ত্যাগী পরীক্ষিত ও সংগঠনের মূলধারার নেতা কর্মীদের বঞ্চিত করেছেন-- এমন অভিযোগ এনেছেন তারা। এ নিয়ে মহানগরের সর্বস্তরে চলছে বিক্ষোভ।
সূত্র জানায়, ক্ষুব্ধ একটি অংশ দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করে মাঠ পর্যায়ের চিত্র তুলে ধরেছেন। তারা জলিল এবং মায়ার ভূমিকার কড়া সমালোচনা করে পুনর্গঠিত কমিটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে এসেছেন তার কাছে।
একটি সূত্র দাবি করে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মোহাম্মদ হানিফের ওপর আগে থেকেই বিরক্ত। সম্প্রতি পুনর্গঠিত কমিটি নিয়ে সৃষ্ট সংকটের কারণে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার প্রতিও বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
বিক্ষুব্ধ অংশের একাধিক নেতা বিডিনিউজকে বলেন, মহানগর আওয়ামী লীগের ১০/১২টি কমিটি নিয়ে সমস্যা ছিল। কিন্তু পুনর্গঠনের নামে ঢালাওভাবে নিষ্পত্তিকৃত কমিটিগুলোতে হাত দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করা হয়েছে। আর সভাপতির সঙ্গে কোনও যোগাযোগ না করে কমিটির এই তালিকা সরাসরি সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল নিয়ম লঙ্ঘন করেছেন।
এ ব্যাপারে মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ বিডিনিউজকে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দলের সাধারণ সম্পাদক এটি কেন করেছেন, আমি জানি না। তবে দলীয় প্রধান এই কমিটির অনুমোদন দিয়েছেন কী--না, তা জানতে এবং সংকট নিরসনে আশু পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাতে দুয়েক দিনের মধ্যেই আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করবো।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি প্রস্তাবিত ৪৫টি ওয়ার্ড কমিটির তালিকা মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার হাতে তুলে দেওয়ার পর গত চার দিন ধরে প্রায় নিশ্চুপ রয়েছেন।
এদিকে নগর আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা কর্মীরা সবুজবাগ থানার কদমতলা সংসদ সংলগ্ন বালুর মাঠে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছে। সবুজবাগ থানা সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজিবুল হক সরদার, সবুজবাগ থানা কমিটির সিনিয়র সহ--সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামীম আল আমিন, ২৯ নম্বর ওয়ার্ড সভাপতি সাবেক ওয়ার্ড কমিশনার এনামুল হক সরদার, ২৮ নম্বর ওয়ার্ড কমিশনার মোশাররফ হোসেন মঞ্জু ও সাবেক ওয়ার্ড কমিশনার রহমত আলী।
বক্তারা প্রস্তাবিত পুনর্গঠিত কমিটি মেনে নেয়া হবে না-- ঘোষণা দিয়ে বলেন, আব্দুল জলিল কিংবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নতুন কোনো কমিটির অনুমোদন দিতে পারেন না। চাপিয়ে দেওয়া কোনো কমিটি আমরা বরদাশত করবো না।
পরে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা প্রদক্ষিণ করে।
