জঙ্গি বোমা হামলা এবং বিরোধী দলের আন্দোলন একই সূত্রে গাঁথা: শিবির
জঙ্গি বোমা হামলা এবং বিরোধী দলের আন্দোলন একই সূত্রে গাঁথা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন একথা বলেন।
তিনি জঙ্গিদের সাথে শিবিরের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, সাংবাদিকরাই জঙ্গিদের সাথে শিবিরকে সম্পৃক্ত করে।
তিনি বলেন, উপযুক্ত তথ্য--প্রমাণ ও যুক্তি ছাড়া যারা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততার কথা বলে তাদের সাথে উন্মাদের কোনো পার্থক্য নেই।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আওয়ামী লীগ জঙ্গিদের জড়িয়ে শিবিরকে দোষারোপ করছে। এটি যে মিথ্যা, তা প্রমাণিত হয়েছে।
জঙ্গি বোমা হামলা সম্পর্কে তিনি বলেন, এ হামলা স্বাধীনতা--সার্বভৌমত্ব এবং ইসলাম ও জাতির বিরুদ্ধে।
বাংলা ভাই সম্পর্কে তিনি বলেন, শুধু একজনের কাহিনী মিডিয়াতে যেভাবে প্রচার করা হচ্ছে, তাতে আরো খারাপ লোকের সৃষ্টি হতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩০ ও ৩১ ডিসেম্বর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, ইসলামী ছাত্র শিবির জামায়াতে ইসলামী বা অন্য কোনো রাজনৈতিক দলের অঙ্গ কিংবা সহযোগী সংগঠন নয় বরং এটি একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন।
