ডিসিসি কমিশনার ও পুলিশের হস্তক্ষেপে মাদকবিরোধী অভিযান বিঘ্নিত
সিটি কর্পোরেশনের কতিপয় প্রভাবশালী ওয়ার্ড কমিশনার ও এক শ্রেণীর পুলিশের হস্তক্ষেপের কারণে মাদকবিরোধী কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে পরিকল্পিত অভিযান চালাতে ব্যর্থ হচ্ছে।
বাংলাদেশ সরকারের মাদক নিয়ন্ত্রণ দপ্তর (ডিএনসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা একটি চিঠিতে অবৈধ মাদকবিরোধী অভিযানে বাধার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
বিডিনিউজ-এর কাছে পৌঁছানো দপ্তরের একটি চিঠির কপিতে দেখা যায়, আগষ্টের শেষের দিকে লেখা চিঠিটিতে বলা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার সালাহউদ্দিন লাভলু রাজধানীর গোপীবাগ এলাকায় অবৈধ মাদক ব্যবসা পরিচালনায় পৃষ্ঠপোষকতা দেয়ায় সরকারের মাদকবিরোধী অভিযানের যথেষ্ট ক্ষতি হচ্ছে।
একজন উর্ধতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, “আমরা দেখে হতবাক হয়েছে যে, একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীর মোবাইল ফোনে মাত্র ৪৮ ঘন্টায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের কাছ থেকে ১২৩টি ইনকামিং কল এসেছে।”
চিঠিতে বলা হয়েছে, ডিএনসি’র ঢাকা মেট্রো সাব-জোন রাজধানীর বিভিন্ন স্পটে অবৈধ মাদক ব্যবসার সাথে ডিসিসি’র একজন কমিশনারসহ বিভিন্ন স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার কথা উল্লেখ করে ডিএনসি’র মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বেশ কয়েকটি রিপোর্ট পাঠিয়েছে।
বিভিন্ন গোয়েন্দা শাখার তথ্যের উপর ভিত্তি করে কর্মকর্তারা বলেন, ডিএনসি’র কর্মকর্তারা রাজধানীর মুন্সিরটেক (বুদ্দিনের দোকান), নীলক্ষেত বস্তি (বাবুলের দোকান), নারিন্দা টেম্পো কলোনি, মোহাম্মদপুর সুইপার কলোনি, নয়াবাজার, আনন্দবাজার, সুত্রাপুর সুইপার কলোনি, আগারগাঁও বিএনপি বস্তি, তেজগাঁও সাততলা বস্তি, ডেমরা সিটি পল্লী এবং গোপীবাগ টিটিপাড়া (নাসিরের স্পট) সহ বিভিন্ন চিহ্নিত এলাকায় নিয়মিতভাবে অবৈধ মাদকবিরোধী অভিযান পরিচালনা শুরু করেছিল।
ঢাকা মেট্রো সাবজোনের উপ-পরিচালক আব্দুল্লাহ--আল--বাকী স্বীকার করেছেন, যদিও রাজধানীর বিভিন্ন চিহ্নিত এলাকায় অবাধে মাদক বিক্রি সীমিত করতে আমরা সক্ষম হয়েছিলাম, তবে ডিসিসি কমিশনারসহ অন্যান্য প্রভাবশালীদের অযাচিত হস্তক্ষেপের কারণে গোপীবাগের টিটিপাড়ায় (নাসিরের স্পট) মাদক বেঁচাকেনা নিয়ন্ত্রণ করতে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি।
ডিএনসি’র অপর এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেন, অবৈধ মাদকসহ ডিএনসি’র হাতে আটককৃত মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেয়ার উদ্দেশ্যে ঢাকা সিটি কর্পোরেশনের একজন কমিশনার বেশ কয়েকবার তাদের কার্যালয়ে এসেছিলেন।
তিনি বলেন, পুলিশের এক শ্রেণীর সদস্য মাদক ব্যবসায়ীদের ব্যবসাকে আরও সহজতর করে দিচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ডিএনসি’র লেখা ওই চিঠিতে বলা হয়েছে, গত ২৫ থেকে ৩০ বছর যাবৎ গোপীবাগের টিটিপাড়া এলাকার সুইপার কলোনিতে মাদক বিক্রি চলে আসছে। ডিসিসি কমিশনার ও এক শ্রেণীর পুলিশের অযাচিত হস্তক্ষেপের কারণে ডিএনসি’র মাদকবিরোধী শত শত অভিযান নাসিরের স্পটের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।
ডিএনসি’র একজন শীর্ষ কর্মকর্তা জানান, যদিও অভিযানকালে আমরা ১৮,০০০ বোতল ফেনিসিডিল উদ্ধার করেছি এবং ১১২টি মামলা দায়ের করেছি, তারপরও অযাচিত হস্তক্ষেপের কারণে আমরা সেখানকার মাদক ব্যবসা পুরোপুরি শেষ করে দিতে পারিনি।
ডিএনসি’র প্রতিবেদনে বলা হয়েছে, হারুন নামের একজন মাদক ব্যবসায়ীকে তার সহযোগীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
বিভিন্ন মামলায় অভিযুক্ত হারুনকে ডিএনসি’র একটি দল ১৪ আগষ্ট গ্রেপ্তার করেছিল।
অধিদপ্তরের কর্মকর্তারা আরও বলেন, মাদক পাচার রোধ এবং রাজধানীর আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখা সংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশ মোতাবেক ওই চিহ্নিত এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা যে সব বাধার সম্মুখীন হচ্ছে, সে সম্পর্কে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। তারপরও পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি।
