বাবরের নজর জেএমবির পৃষ্ঠপোষকদের প্রতি, নিজামীর অঙ্গুলি আওয়ামী লীগের দিকে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শনিবার জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান এবং সেকেন্ড ইন কমান্ড বাংলাভাইকে খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন।
অপরদিকে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান দেশব্যাপী বোমা হামলার ঘটনায় প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে পরোক্ষভাবে দায়ী করেন।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মসজিদ মিশনের কাউন্সিলে দেওয়া বক্তব্যে তারা এ মন্তব্য করেন।
নিজামী বলেন, রাজনীতি থেকে ইসলামকে বিচ্ছিন্ন করা, জোট সরকার থেকে জামাতকে আলাদা করা এবং ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে এসব বোমা হামলা হচ্ছে।
সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীর আমির নিজামী বলেন, যারা ইসলামের কারণে ক্ষমতায় যেতে পারছে না তারাই দেশব্যাপী বোমা হামলা চালাচ্ছে এবং এ জন্যে তারা সরকারকে দায়ী করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেশে বোমা সংস্কৃতির সূত্রপাত হয়। জনগণ এসব তথাকথিত ইসলামী দলের নামও জানত না। এ দলগুলোর সাথে ইসলামের কোনও সম্পর্ক নেই এবং কোনোটিই সত্যিকারের ইসলামী দল নয়।
লুৎফুজ্জামান বাবর বলেন, শায়খ আব্দুর রহমান এবং বাংলাভাই, দুজনেই জানেন, ইসলাম এ ধরনের বোমাবাজি সমর্থন করে না। আড়ালে থেকে যারা পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে তাদের খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, এ ধরনের বোমাবাজির ফলে কারা লাভবান হচ্ছে তাও আমাদের খুঁজে বের করতে হবে। যারা বাংলাদেশকে আফগানিস্তানের মতো চরমপন্থি দেশ হিসেবে তুলে ধরতে চায় এবং যারা ইসলামকে একটি জঙ্গিবাদী ধর্ম হিসেবে উপস্থাপন করতে চায় তারা এসব ঘটনা ঘটাচ্ছে।
প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দু’ মাসের মধ্যে বোমা হামলা এবং জঙ্গিবাদি পাঁয়তারা বন্ধ হয়ে যাবে। এপ্রিলের ৩০ তারিখের যে, ট্রাম কার্ডের কথা আব্দুল জলিল উল্লেখ করেছিলেন সেটির কথা উল্লেখ করে তিনি বলেন, এটি সেই ট্রাম কার্ড কি না তা আমরা জানি না।
জামায়াতে ইসলামি সমর্থিত সংগঠন বাংলাদেশ মসজিদ মিশনের এ কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন ও মো. খলিলুর রহমান।
