২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬ এর শুরুতে ভারতসহ সার্ক রাষ্ট্্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী বছরের প্রথমদিকে ভারতসহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। জানুয়ারি কিংবা ফেব্র“য়ারিতে এ সফর হতে পারে বলে বিশ্বস্ত একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

সূত্র বিডিনিউজকে জানায়, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

২০০১ সালের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ের মাধ্যমে চার দলীয় জোট ক্ষমতা গ্রহণের পর এটিই হবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম ভারত সফর।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক সম্মেলনের সময় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বেগম জিয়া ‘ফলপ্রসূ’ ও ‘সৌহার্দ্যপূর্ণ’ আলোচনা করেন। 

এ সম্মেলনে বাংলাদেশ সার্ক চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে এবং সে হিসেবে এর চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সদস্য রাষ্ট্রসমূহ সফর করবেন।

ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ কিছুদিন স্থবির থাকার পর চলতি বছরের আগস্টে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের মাধ্যমে সম্পর্কের বরফ গলতে শুরু করে।

সফরের সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তাতে মনমোহন সিং বেগম জিয়াকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

কূটনীতিক মহল এ আমন্ত্রণকে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ‘ইতিবাচক’ হিসেবে বিবেচনা করেন।

তবে মনমোহনের আমন্ত্রণে সার্ক সম্মেলনের আগে ভারত সফরে যেতে পারেননি বেগম জিয়া।

এদিকে এ চিঠির প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকেও মনমোহন সিং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের সফরের পর মাত্র কয়েকদিনের ব্যবধানে সেদেশের পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জন দাশ মুন্সি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী কমল নাথ এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মনি শংকর আয়ারও বাংলাদেশ সফর করেন।

সূত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের সময়সীমা আগামী অক্টোবরে শেষ হয়ে যাবে। আর তাই ২০০৬ সালের শুরুতেই এ সফর শেষ করতে চাচ্ছেন সরকারের শীর্ষ নেতৃবৃন্দ।