২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা--সার্বভৌমত্ব সুরক্ষাসহ সার্বিক সামর্থ বৃদ্ধিতে আধুনিক সশস্ত্র বাহিনী গঠনের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের স্বাধীনতা--সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি জাতীয় মর্যাদা ও সার্বিক সামর্থের প্রশ্নেও একটি দক্ষ, সুশৃঙ্খল ও প্রশিক্ষনপ্রাপ্ত সামরিক বাহিনীর ভূমিকা তাৎপর্যপূর্ণ। আর সে কারণেই আমরা একটি আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছি। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

যশোর মতিউর রহমান বিমান ঘাঁটিতে বৃহস্পাতিবার সকালে বিমান বাহিনীর শীতকালীন গ্রাজুয়েশন কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ কথা বলেন।

অনুষ্ঠানে অনান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সংসদ সদস্য এমএম আমিন উদ্দিন, আবু সাইদ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এবং তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে গ্রাজুয়েশনপ্রাপ্ত অফিসারদের অভিবাবকসহ যশোরের সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে বিমান সেনাদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ--দুর্বিপাকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে এবং উন্নয়ন প্রয়াসে ভূমিকা রেখে এই বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি রক্ষা কার্যক্রমে সাফ্যলের সাথে অংশগ্রহণ করে বিমান বাহিনী দেশবাসীর জন্যে গৌরব বহন করে এনেছে।

নবীন অফিসাররা স্বদেশের আকাশ মুক্ত রাখার সুমহান অঙ্গীকারে উজ্জীবিত হয়ে দেশপ্রেমের জ্বলন্ত নজির স্থাপন করবেন বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যাক্ত করেন।

প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। তিনি কৃতি ক্যাডেটদের সোর্ড অব অনার, ওসমানী স্বর্ণ পদক, কমান্ড্যান্টস ট্রফি এবং সিওএএস ট্রফি প্রদান করেন। তিনি গ্রাজুয়েশনপ্রাপ্ত ৪৬ জন নবীন ক্যাডেটকে ব্যাজ পরিয়ে দেন।

এবার সোর্ড অব অনার পদক অর্জন করেছেন শ্রেষ্ঠ ফ্লাইট ক্যাডেট আন্ডার অফিসার সৈয়দ মুনির হাসান।