২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার আমলে সিদ্ধান্ত নেবো, কার সাথে জোট করবো : এরশাদ

জাতীয় পার্টির (জাপা- এ) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ--বিএনপি কেউ আমাদের বন্ধু নয়। সবাই আমার প্রতি নজীরবিহীন অত্যাচার করেছে। তত্ত্বাবধায়ক সরকার আমলে সিদ্ধান্ত নেবো, কার সাথে জোট করবো। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতেই হবে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

মঙ্গলবার কুড়িগ্রাম টাউন হল চত্বরে জেলা জাতীয় পার্টির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ একথা বলেন।

জেলা কমিটির সভাপতি চৌধুরী সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বক্তব্য রাখেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী, গোলাম হাবিব দুলাল, সাংসদ মসিউর রহমান রাঙ্গা, মাওলানা মতিয়ার রহমান, মোস্তাফিজার রহমান, নূর ই হাসনা চৌধুরী প্রমুখ।

এর আগে দুপুরে এরশাদ পাঁচ শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে কুড়িগ্রাম পৌঁছেন। সেখানে হরিকেশ মোড়ে তিনি জেলা জাপার কার্যালয় উদ্বোধন করেন।

কাউন্সিলে তিনি ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যে জেলা সভাপতি চৌধুরী সফিককে দায়িত্ব দেন। পরে তিনি সড়ক পথে রংপুর ফিরে যান।

বুধবার তিনি কুড়িগ্রামের উলিপুর ও চিলমারিতে পৃথক দুটি জনসভায় বক্তব্য রাখবেন।

কাউন্সিলের বক্তব্যে এরশাদ বলেন, দেশের মানুষ চায় আমরা এককভাবে ক্ষমতায় যাই। কিন্তু একাই ক্ষমতায় যাওয়ার মতো শক্তি আমাদের নেই। তাই কোন জোটে যাবো না যাবো, সেই সিদ্ধান্ত আমি নেবো।

দলে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, পার্টির জন্যে জেল খেটেছি, ১৫ বছর সংগ্রাম করেছি, স্ত্রীকে তালাক দিয়েছি, জীবনের সুখ--শান্তি বিসর্জন দিয়েছি। কাজেই আগামী নির্বাচনই আমাদের জন্যে শেষ সুযোগ। এ সুযোগকে কাজে লাগাতে হবে, এখন কোনো ভুল করার সুযোগ নেই।

জঙ্গি হামলায় ব্যবহৃত বোমা প্রসঙ্গে তিনি বলেন, এর পেছনে আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে। এসব বোমা সরঞ্জাম দেশের বাইরে থেকে এসেছে।