২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সংলাপ - নাটক শেষ না হতেই অস্ত্র উদ্ধারের নতুন নাটক শুরু করেছে: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় থাকার জন্য গ্রেনেড ও বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা ও সংবিধান ক্ষতবিক্ষত করে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করছে। অন্যদিকে সরকার শুরু করেছে সংলাপের নাটক শেষ হতে না হতেই অস্ত্র উদ্ধারের নতুন নাটক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 02:49 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধী জামাতকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। মুক্তিযোদ্ধা হত্যা ও স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করে বাঙালির বিজয়ের প্রতিশোধ নিচ্ছে যুদ্ধাপরাধী রাজাকার আলবদররা।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গিদের মদদদাতা এই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তির হাতে আজ রাষ্ট্র ক্ষমতা। যারা মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী হত্যা করেছে, গণধর্ষণ করেছে, তারাই আজ গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ মুক্তিযোদ্ধাদের আজ করুণ দশা। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিহাস বিকৃত করে নিজেকে মুক্তিযোদ্ধার স্ত্রী এবং তার স্বামীকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। অন্যদিকে যুদ্ধাপরাধী জামাতের সঙ্গে হাত মিলিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে অপকর্ম করছেন। তার এই দুমুখো নীতির কারণে দেশের মানুষকে কষ্ট পোহাতে হচ্ছে। যুদ্ধাপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার কুফল ভোগ করতে হচ্ছে দেশবাসীকে। তারা দেশের মানুষকে অধিকার বঞ্চিত করছে। দেশ ও জাতির কোন কল্যাণ হচ্ছে না।

‘বোমাবাজ জঙ্গি সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর সঙ্গেই আছে’ এ অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, নিজামী মুজাহিদদের ধরলেই জানা যাবে কারা বোমাবাজি করছে।

তিনি আরো বলেন, জঙ্গিদের মূল মদদদাতা ও গডফাদারদের ধরা হচ্ছে না। আসল বোমাবাজ ও অস্ত্রের নেপথ্যের প্রধানদের ধরা হচ্ছে না।

শেখ হাসিনা বলেন, অস্ত্র উদ্ধারের নামে ‘ক্রসফায়ারে’ মানুষ মারা হয়। কিন্তু কোনো জঙ্গি সন্ত্রাসীকে ‘ক্রসফায়ারে’ মারা হয় না। তাদের জামাই আদরে রাখা হচ্ছে। কোনো জঙ্গির গায়ে একটা আাঁচড়ও লাগছে না। এর রহস্য কী, তা দেশবাসীকে খুঁজে বের করতে হবে।

তিনি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা এবং দেশকে ধ্বংসের কবল থেকে বাঁচাতে জঙ্গি সন্ত্রাসী ও বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে একাত্তরের মত আবারও ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। 

মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন প্রধান, আশফাকুর রহমান খান, সৈয়দ আব্দুস সাকের, গোলাম মোস্তফা বীর বিক্রম, বাহার উদ্দিন বীর বিক্রম ও ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন।