নিরাপত্তাজনিত কারণে বিজয় দিবসের অনুষ্ঠানসূচি কর্তন
দেশব্যাপী অব্যাহত বোমা ও আত্মঘাতী হামলার প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিরাপত্তার দিকটি বিবেচনা করে বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকার পূর্বনির্ধারিত বিভিন্ন অনুষ্ঠান কর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বোমা হামলার আশংকায় সম্মিলিত সাংস্কৃতিক জোট তাদের অনুষ্ঠান কমিয়ে এনেছে।
এ ব্যাপারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস বিডিনিউজকে জানান, রাষ্ট্র যেখানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেখানে আমরা ঝুঁকি নিয়ে অনুষ্ঠান করতে পারি না।
তিনি বলেন, আমরা আমাদের অনুষ্ঠান কর্তন করেছি। এ বছর বিজয় দিবসে পূর্বনির্ধারিত আটটি ভেন্যুর পরিবর্তে তিনটি ভেন্যুতে অনুষ্ঠান করা হবে।
কেন্দ্রীয় শহীদ মিনার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর-এই তিনটি ভেন্যুতে পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে বলে গোলাম কুদ্দুস জানান।
বিজয় দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হলেও, আত্মঘাতী বোমা হামলার হুমকি কারণে বিজয় দিবসকে কেন্দ্র করে জনগণের উচ্ছ্বাস কমতে শুরু করেছে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা বলেন, জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)ক্যাডারদের হামলার আশংকা থাকায় বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ বা নগরীর অন্যান্য স্থানে যেতে ভয় পাচ্ছি।
অবশ্য প্যারেড, কুচকাওয়াজ এবং অন্যান্য অনুষ্ঠানের মত বিভিন্ন সরকারি অনুষ্ঠান অতীত দিনের মত এবারও অনুষ্ঠিত হবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জেএমবি’র হামলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ১৩ ডিসেম্বর থেকে রাজধানী ও রাজধানীর আশেপাশে কঠোর নিরাপত্তার জাল সৃষ্টি করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, জেএমবি অথবা অন্যান্য সন্ত্রাসী সংগঠনের নাশকতামূলক তৎপরতা নস্যাৎ করে দিতে ইতোমধ্যে আমরা গোয়েন্দা তৎপরতা শক্তিশালী করেছি।
বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, সারা দেশে সাম্প্রতিক সময়ের বোমা হামলার প্রেক্ষিতে ও নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসন বিজয় দিবস উপলক্ষ্যে তাদের পূর্বনির্ধারিত সপ্তাহব্যাপী অনুষ্ঠান কমিয়ে এনে তিনদিনে নির্ধারণ করেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত বন্দুকযুদ্ধের অনুষ্ঠানটির ভেন্যু পরিবর্তন করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। আগে জেলা প্রশাসক কার্যালয়ে এটি অনুষ্ঠিত হত।
বিজয় দিবস উপলক্ষ্যে শহরের বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করা নিয়ে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে।
বিজয় দিবসের অনুষ্ঠানমালা শান্তিপূর্ণভাবে শেষ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জেলা প্রশাসকের কর্মকর্তারা জানিয়েছেন।
অবশ্য বিডিনিউজের চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, বিজয় দিবস উপলক্ষ্যে পূর্বনির্ধারিত সরকারি অনুষ্ঠানমালায় কাটছাট করা হবে না বলে সহকারী জেলা কমিশনার মফিজুল ইসলাম বলেছেন।
