২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভোটার তালিকা ও নির্বাচন কমিশনে রাজনৈতিক নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা

নতুন ভোটার তালিকা ও নির্বাচন কমিশনে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রদানের বিষয়কে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে দুটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

আওয়ামী লীগের তিন নেতা আব্দুল জলিল এমপি, অ্যাড. রহমত আলী এমপি এবং আসাদুজ্জামান নূর এমপি- বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে এ আবেদন দায়ের করেন।

বুধবার এই আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।

আবেদনে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় নির্বাচন কমিশন সচিবালয় ২ লাখ ৪০ হাজার তথ্যসংগ্রহকারী, ৭০ হাজার সুপারভাইজার, ৮৩ রেজিস্ট্রেশন অফিসার এবং ৬ হাজার ২৩৫ সহকারী রেজিস্ট্রেশন অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে।

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এসএম জাকারিয়া এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী ও মোহাম্মদ মুন্সেফ আলীকে দায়ী করা হয়েছে।

অপর দুজন কমিশনারের মতামত না নিয়ে কেন একতরফাভাবে প্রধান নিবাচন কমিশনার নতুন ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রদানকে কেন অসাংবিধানিক বলে ঘোষণা করা হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ প্রদানের দাবি জানিয়েছেন আবেদনকারীরা।

আবেদনকারী ভোটার তালিকা প্রণয়ণের আদেশ স্থগিতের আদেশ দেওয়ার ব্যাপারে এবং নির্বাচন সচিবের অবৈধ নিয়োগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানায়।

ড. কামাল হোসেন এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আবেদনকারী অ্যাড. রহমত আলী এমপি এবং আসাদুজ্জামান নূর এবং আব্দুল জলিল এমপি’র পক্ষে ব্যারিস্টার এম আমির-উল ইসলাম মামলা পরিচালনা করেন।