জোট সরকার দেশবাসীর বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে: হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, জোট সরকার দেশবাসীর বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ পরিচালনা করছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সোমবার সুধাসদনে তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তারা দেশ ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ যেন দেশবাসীর বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ।
শেখ হাসিনা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে তারা বিভিন্ন পথে ক্ষমতা আঁকড়ে থাকার জন্যে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষের তাজা রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত হয়েছে।
ক্ষমতা ও অর্থলিপ্সু খালেদা--নিজামী জোট সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই এদেশে ধর্মের নামে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর উত্থান হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎ অনুষ্ঠান শেষে ঐক্যমত্যের ভিত্তিতে তিনি নাসির উদ্দিন ভূঁইয়াকে আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. মহিউদ্দিন খান আলমগীর, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ড. শামসুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
