২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ: প্রধানমন্ত্রীর চিঠির জবাব দেবে বামপন্থী বিরোধী দল, খসড়া প্রস্তুত

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জাতীয় সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রীর দেওয়া চিঠির জবাব দেবে বামপন্থী ও উদার গণতন্ত্রী বিরোধী দলগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

রোববার ১১ দলের এক বৈঠকে চিঠির জবাব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ১৪ দলগত ভাবে আনুষ্ঠানিক নিদ্ধান্ত নেওয়া হবে।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রীর সংলাপের চিঠির জবাবে পাল্টা চিঠির একটি খসড়া তৈরীর জন্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও গণফোরাম প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে একটি খসড়া প্রস্তুত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, তাদের প্রস্তুতকৃত খসড়ায় বলা হয়েছে, জামায়াতকে জোট ও মন্ত্রীসভা থেকে বহিষ্কার এবং বিএনপির মধ্যে যাদের বিরুদ্ধে জঙ্গিদের মদদদানের অভিযোগ রয়েছে এমন মন্ত্রী, এমপি ও নেতাদের মন্ত্রী সভা ও দল থেকে বহিষ্কারের পরই কেবল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হতে পারে।

ড. কামাল হোসেন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর চিঠির জবাব দেওয়া যেতে পারে। তবে তাদের দাবি মানলেই কেবল সংলাপ হতে পারে।

১১ দলের বৈঠকে বক্তারা বলেন, বিরোধী দলের ওপর দোষ চাপানো এবং প্রকৃত অপরাধী ও অভিযুক্তদের  আড়াল করার অপচেষ্টার মুখে জাতি আজ অসহায়। উগ্র জঙ্গি সাম্প্রদায়িক শক্তি ক্রমবর্দ্ধিত বোমা - গ্রেনেড ও আত্মঘাতি বোমা হামলার মুখে জাতীয় নিরাপত্তাসহ সংবিধান, আইন ও বিচার ব্যবস্থা, গণতন্ত্র ও জাতীয় অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে।

তারা বলেন, দীর্ঘকাল ধরে জঙ্গি উগ্র সাম্প্রদায়িক অশুভ শক্তির এই আগ্রাসনের মুখে সরকারের দ্বিধগ্রস্ততা, বিরোধী তলের ওপর দোষ চাপানো এবং প্রকৃত অপরাধী ও অভিযুক্তদের আড়াল করার অপচেষ্টার কারণেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, অজয় রায়, মো: নূরুল ইসলাম, দিলীপ বড়–য়া, জাকির হোসেন, হাজী আবদুস সামাদ ও ডাঃ অসিত কুমার রায়।