দুর্নীতি দমন কমিশন গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, কারণ দর্শানোর নির্দেশ
দুর্নীতি দমন কমিশন (এসিসি) গঠনের প্রক্রিয়া এবং কমিশনের সদস্য হিসেবে মনিরুদ্দিনের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট রোববার সরকারকে কারণ দর্শানের জন্যে রুল জারি করেছেন।
কমিশন গঠনের প্রক্রিয়া এবং মনিরুদ্দিন আহমেদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমানের জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর সময়সীমা বেঁধে দেয়া হয়েছে এ আদেশে।
রিট আবেদনে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের জন্যে গঠিত বাছাই কমিটি, রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কমিশনের সদস্য মনিরুদ্দিন আহমেদ এবং মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিবকে বিবাদী করা হয়েছে।
বিচারপতি সুলতান হোসেন খানকে চেয়ারম্যান এবং মনিরুদ্দিন আহমেদ ও অধ্যাপক মনিরুজ্জামান মিয়াকে সদস্য করে ২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়।
রিট আবেদনে বলা হয় দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী আইন, শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ ও শৃঙ্খলা বাহিনীতে ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনজন ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ করা হবে। সে অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হয়। এই বাছাই কমিটি দুর্নীতি দমন কমিশন গঠনের জন্যে ছয় জনের নামে সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠান।
সুপারিশকৃত ব্যক্তিরা হলেন- প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিরুল ইসলাম, তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জে. (অব.) মঈনুল হোসেন চেধুরী, সাবেক সচিব আলমগীর ফারুক চৌধুরী ও আব্দুল করিম এবং পুলিশের সাবেক আইজিপি গোলাম কিবরিয়া।
আবেদনে বলা হয়, বাছাই কমিটি বিচারপতি সুলতান হোসেন খান ছাড়া কমিশনে নিয়োগপ্রাপ্ত অন্য কারও নাম সুপারিশ করে নি।
সরকার ২০০৪ সালের ২১ নভেম্বর মনিরুদ্দিন আহমেদকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট দুর্নীতি দমন কমিশন গঠন করে। কিন্তু তার নাম বাছাই কমিটির সুপারিশে ছিল না। এছাড়া আইন অনুযায়ী ২০ বছরের অভিজ্ঞতা থাকার কথা বলা হলেও সংশ্লিষ্ট ক্ষেত্রে মনিরুদ্দিন আহমেদে ২০ বছরের অভিজ্ঞতা নেই। এ কারণে দুর্নীতি দমন কমিশনের গঠন প্রক্রিয়া এবং মনিরুদ্দিন আহমেদে নিয়োগ আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং এর ফলে সংশ্লিষ্ট আইনের লংঘন করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এমকে রহমান। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল কদ্দুস, অ্যাডভোকেট নাজনীন নাহার ও অ্যাডভোকেট আল্পনা দাস। অপরদিকে সরকার পক্ষে ছিলেন সহকারী আ্যটর্নি জেনারেল জাফর ইমাম।
