ড. গালিবের মুক্তি দাবি করেছে আহলে হাদীস আন্দোলন
আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আবারও সংগঠনের প্রধান ড. আসাদুল্লাহ আল গালিবের মুক্তির দাবি জানিয়েছে।
রোববার ঢাকা রিপোটার্স ইউনিটেতে আয়োজিত সংবাদ সম্মেলনে আহলে হাদীস আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান ড. মোখলেছ উদ্দিন বলেন, সরকারের একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ড. গালিবকে আটকে রেখেছে। তিনি আরও বলেন, ড. গালিব কখনোই জঙ্গিবাদের পক্ষে ছিলেন না।
তিনি বলেন, যারা বোমা মেরে মানুষ হত্যা করে, তারা ইসলাম ও মানুষের শত্র“। বোমার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না।
সম্মেলনে অন্যান্যের মধ্যে আহলে হাদীস আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল লতিফ এবং আহলে হাদীস আন্দোলনের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা অভিযোগ করেন একটি মহল ড. গালিবকে মুক্তি না দেওয়ার জন্যে বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে।
ড. মোখলেছ দাবি করেন, দেশব্যাপী বোমা হামলার জন্যে ড. গালিব জড়িত না থাকলেও সরকার তার নামে ১০টি মামলা দায়ের করে এবং ওইসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বক্তারা শায়খ আব্দুর রহমানকে ইসলামের শত্র“ হিসেবে আখ্যায়িত করে বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনোই সহিংসতাকে সমর্থন করে না।
দেশে আত্মঘাতী বোমা হামলার পিছনে বিদেশী শক্তির মদদ রয়েছে বলে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন।
বোমা হামলাকারীদের প্রতি ইঙ্গিত করে এবং বোমা হামলার নিন্দা করে নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের নামে বোমা হামলার মাধ্যমে তারা ইসলামের ক্ষতি করছে।
ড. মোখলেছ সংবাদ সম্মেলনে ড. গালিবসহ সংগঠনের আরও ১৫ শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি সতর্ক করে দেন।
