২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি একক সিদ্ধান্তে নতুন ভোটার তালিকার কাজ শুরু করছেন: নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী

দ’ুজন নির্বাচন কমিশনারকে এড়িয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একক সিদ্ধান্তে নতুন ভোটার তালিকা তৈরির কাজ শুরু করছেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

রোববার তিনি সাংবাদিকদের বলেন, আমরা বলেছিলাম ১৯৮২ সালের ভোটার তালিকা আইন অনুযায়ী হালনাগাদ করতে। কিন্তু তিনি সে কথা রাখেননি।

তিনি বলেন, এতো কম সময়ে নতুন ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয়।

প্রধান সিইসি বিচারপতি এমএ আজিজ অবশ্য প্রকাশ্যে কিছু বলেননি।

সূত্র মতে, নির্বাচন কমিশন সচিবালয়ের একটি অংশ সিইসি এবং অন্য দু’জন কমিশনারের মধ্যে দ্বন্দ্ব জিইয়ে রেখেছেন। তারা চাচ্ছেন, আগামী বছরের ১৪ এপ্রিল পর্যন্ত মেয়াদ থাকা এ কমিশনারদের (মোহাম্মদ আলী এবং মুনসেফ আলী) সঙ্গে কোনও ভাবেই যেনো সিইসি আজিজের ভালো সম্পর্ক তৈরি না হয় ।

৬ আগস্টের পর নির্বাচন কমিশনের কোনও বৈঠক হয়নি। বৈঠক ছাড়াই ১ জানুয়ারি থেকে ভোটার তালিকা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে।

ভোটার তালিকা তৈরির জন্যে তিন লক্ষাধিক লোক নিয়োগ চলছে। ইতোমধ্যে সাত হাজার রেজিস্ট্রেশন ও সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

দুই কমিশনার বলেছেন, নতুন ভোটার তালিকা করাটি বৈধ নয়। এ জন্যে লোকবল নিয়োগ দেওয়াকেও অবৈধ হিসেবে উল্লেখ করেছেন দুই কমিশনার।

এ দিকে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রায় ১৫ মিনিট রুদ্ধদার বৈঠক করেন দুই নির্বাচন কমিশনার। সূত্র জানায়, তাদের বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরির কাজ ঘোষণা করায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।