চারদলীয় জোটে যোগ দিতে জাপার মাঠ পর্যায়ের নেতাদের অস্বীকৃতি, এরশাদ সময় নিলেন মার্চ পর্যন্ত
চারদলীয় জোটে যোগ দেওয়ার ব্যাপারে জেলা পর্যায়ের নেতাদের সম্মতি পেলেন না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
জেলা পর্যায়ের নেতারা সরাসরি দলীয় প্রধানকে জানিয়ে দিয়েছেন, জামায়াত নামক অজগর সাপ বিএনপিকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে। এ থেকে বাঁচার জন্যে সরকার আপনাকে জোটে ডাকছে। শক্ত হাতে নিজেকে সামলাতে না পারলে ওই সাপ আপনাকেও খেয়ে ফেলবে।
জবাবে এরশাদ জোটে যোগ দেওয়ার ব্যাপারে ১ মার্চ সিদ্ধান্ত নেয়া হবে বলেন উল্লেখ করে বলেন, কোনও জোটে যোগ দেব কিনা, তার ঘোষণা দেবো ১ মার্চ মহাসমাবেশ থেকে। এর সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন।
তিনি মার্চের মধ্যে দলকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে প্রস্তুত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে যোগ দেওয়ার ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করতে রোববার এরশাদ জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠক ডাকেন।
রাজধানীর কাঁঠালবাগানের হোটেল সুন্দরবনে অনুষ্ঠি^ত ওই মত বিনিময় সভায় দলের ৭২টি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন।
দলীয় চেয়ারম্যান এরশাদের সভাপতিত্বে সভায় মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ বিভিন্ন জেলার প্রায় ৪০ জন নেতা বক্তব্য রাখেন।
দলের যুগ্ম মহাসচিব ও নীলফামারী জেলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, দেশের রাজনীতির হাওয়া এখন ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় দলকে চারদলীয় জোটের দিকে নিলে দল ক্ষতিগ্রস্ত হবে, আর বিএনপির লাভ হবে। জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
দলে রওশনপন্থী হিসেবে পরিচিত টাঙ্গাইল জেলার সভাপতি আব্দুস সালাম চাকলাদার বলেন, নেতা এ মুহূর্তে জেলে গেলে জাতীয় পার্টির বিলীন হয়ে যাবে। তাই সিদ্ধান্ত যা--ই নেয়া হোক, দলের অস্তিত্ব রক্ষার দিকে নজর দিতে হবে।
চারদলীয় জোটে যাওয়ার বিরোধিতা করে তিনি বলেন, বিএনপিকে জামায়াত গিলে ফেলেছে। জোটে গেলে জাতীয় পার্টিকেও তারা গিলে ফেলবে। প্রয়োজনে বড় কোনও জোটে না গিয়ে ছোট ছোট দলগুলোকে নিয়ে পৃথক জোট করা যেতে পারে।
চেয়ারম্যান এরশাদ তার বক্তব্যে জঙ্গি তৎপরতার সমালোচনা করে বলেন, বোমা হামলা করে কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করা যায়? বোমা হামলা যারা করছে, তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা নয়, ধ্বংস করার জন্যে কাজ করছে।
তিনি নিরীহ মাদ্রাসা ছাত্রদের হয়রানি না করার আহ্বান জানিয়ে বলেন, মাদ্রাসার ছাত্ররা নিরীহ মানুষ। তারা এর সাথে জড়িত নয়। এর সাথে আন্তর্জাতিক চক্র জড়িত, তাদের গ্রেপ্তার করুন।
এরশাদ বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করতে কুটনীতিক এলাকা গুলশানে বোমা হামলা করা হয়েছে। এভাবে চললে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশী শক্তি হস্তক্ষেপ করবে, যা আমরা মেনে নিতে পারি না। তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
তিনি প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় পার্টি সংলাপে যোগ দেবে। তবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ না গেলে সংলাপ অর্থবহ হবে না।
