খালেদা জিয়া আত্মঘাতী জঙ্গি হামলাকারিদের দিয়ে মানুষ হত্যা করছে : খুলনার মহাসমাবেশে শেখ হাসিনা, আপডেট
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা--নিজামী সকল বোমা হামলা মূল হোতা। খালেদা জিয়া অপারেশন ক্লিনহার্ট, দলীয় ক্যাডার ও র্যাব দিয়ে মানুষ হত্যার পর এখন আত্মঘাতী জঙ্গি হামলাকারিদের দিয়ে মানুষ হত্যা করছে। তারা গোটা দেশকে আতংকের ও জঙ্গিদের দেশে পরিণত করেছে।
তিনি বর্তমান সরকারকে ‘জঙ্গি জোট সরকার’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শুক্রবার বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।
মহাসমাবেশে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বিভাগীয় মহাসমাবেশের কারণে খুলনা সার্কিট হাউজের চারদিকে অন্তত: দুই কিলোমিটার এলাকা পর্যন্ত লোক--সমাগম ঘটে।
শেখ হাসিনা নতুন ভোটার তালিকা তৈরির সমালোচনা করে বলেন, আগামী ১ জানুয়ারি থেকে তৈরি হওয়া হবে দুই নম্বর ভোটার তালিকা। দলীয় ক্যাডার ও কর্মীদের দিয়ে তৈরি করা ওই তালিকায় আওয়ামী লীগ ও সংখ্যালঘু অনেকের নামই অন্তর্ভূক্ত করা হবে না। আগামী নির্বাচনে কারচুপি ও জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতেই ওই তালিকা তৈরি করা হচ্ছে। জনগণ ওই তালিকা গ্রহণ করবে না।
তিনি নতুন ভোটার তালিকা তৈরির চেষ্টা বন্ধ করে তা হালনাগাদ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগ সভানেত্রী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু না হয় সে জন্যে সরকার জঙ্গিদের দিয়ে সন্ত্রাস ও বোমাবাজি করে আতংক সৃষ্টি করছে। সন্ত্রাসী ও গডফাদারদের মন্ত্রিসভায় স্থান দিয়ে জঙ্গিদের লালন করছে। তারা দেশ চালাতে ব্যর্থ হয়েছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে তাদের ভোট দেবে না। জনগণ ওদের আর ক্ষমতায় দেখতে চায় না। এটা বুঝতে পেরে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। তাই বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব মানছে না। সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার পরিবারের প্রতি লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ এনে বলেন, প্রধানমন্ত্রী দেশের বাইরে গেলেই দেশে বৈদেশিক মূদ্রার দাম বেড়ে যায়। তারা বিলাসিতার জন্যে জনগণের অর্থ ব্যবহার করছে। অর্থ পাচার ও লুটপাট করছে।
তিনি বলেন, বিধবা ভাতা ও এতিম ভাতা খেয়ে মানুষ কি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়? এ প্রশ্নের জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। নইলে জনগণের রুদ্ররোষ থেকে বাঁচতে ক্ষমতা ছেড়ে পালানোর সুযোগও তারা পাবে না।
