২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশের মসজিদে বোমাবাজদের ধ্বংস কামনা করে মোনাজাত ও মিছিল

সারাদেশের মানুষ শুক্রবার জুম্মার নামাজের দোয়ায় দেশব্যাপী আত্মঘাতী বোমা হামলার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এছাড়া ঢাকাসহ সারাদেশে মসজিদের খতিব ও ইমামরা শুক্রবার জুম্মার নামাজের আগে খুতবায় ও দোয়ায় বোমাবাজদের ইসলামের শত্র“ হিসেবে উল্লেখ করেছেন। তাঁরা এসব শত্র“র হেদায়েত অথবা সমূলে ধ্বংস কামনা করে বিশেষ মোনাজাত করেন।

নামাজ শেষে প্রতিটি মসজিদের ইমাম ও কমিটির কর্মকর্তাদের নেতৃত্বে মুসল্লিরা বোমাবাজির প্রতিবাদে মিছিল করেন।

পুর্ব ঘোষিত এ কর্মসূচি সফল করা নিয়ে বিভিন্ন স্থানে উত্তেজনা ছিল। পুলিশ মাইকিং করে মুসল্লিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা উবায়দুল হক জুম্মা নামাজের খুতবায় দেশব্যাপী বোমা হামলার সাথে বিদেশী শক্তি জড়িত থাকার অভিযোগ করেন। তিনি বলেন, এসব অপশক্তির টাকার উৎস কি তা খতিয়ে দেখতে হবে।

ইসলামে বোমাবাজির কোন স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই ইসলামের শত্র“। যারা ইসলামের নামে বোমাবাজি করছে তারা দেশ ও জাতির শত্র“।

খতিব জেহাদের নামে যাদের মগজ ধোলাই করা হয়েছে, তাদের সুপথে ফিরে আসার আহ্বান জানান। খুতবা ও দোয়ায় আত্মঘাতী বোমা হামলা তদন্তে সরকারের সাফল্য কামনা করা হয়।

জুম্মার নামাজ শেষে ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান সাংবাদিকদের বলেন, বোমাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও সচেতনতা গড়ে তুলতে তিনি বায়তুল মোকাররমে নামাজ পড়তে এসেছেন।

জুম্মার নামাজ শেষে সারাদেশে বোমা হামলার প্রতিবাদে বিভিন্ন ইসলামী সংগঠন বিক্ষোভ মিছিল করে। বায়তুল মোকাররমের খতিব মিছিলে নেতৃত্ব দেন।

এছাড়াও নেজামে ইসলামী পার্টি, হিজবুত তাহরীর, ইসলামী ঐক্য আন্দোলন ও খেলাফত মজলিস বোমাবাজির প্রতিবাদে মিছিল করে।

নামাজের আগে ও পরে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে ও বাইরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ এছাড়া সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করে।

মসজিদের পাশের উচু ভবনে বসানো হয় মোবাইল সিসিটিভি ক্যামেরা। আশপাশের অন্যান্য উচু ভবন ও ফুটওভারের ওপরে মোতায়েন করা হয় অসংখ্য দাঙ্গা পুলিশ।

সমাবেশস্থলে দায়িত্বপালনকারী পল্টন থানার সাব ইন্সপেক্টর তাজুল ইসলাম বিডিনিউজকে জানান, বিক্ষোভ মিছিল ও নামাজের সময় যেকোন ধরণের নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছে।

এদিকে রাজধানীর শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জুম্মার নামাজের খুতবায় ইসলামে জঙ্গিবাদের অবস্থান ব্যাখ্যা করেন।

মহানবী হযরত মুহাম্মদের (সা:) বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যুদ্ধের ময়দানে কোনো প্রতিপক্ষ আত্মরক্ষা করতে ব্যর্থ হলে তাকেও হত্যা করা ইসলামে নিষিদ্ধ রয়েছে। অথচ বোমাবাজরা শান্তিপ্রিয় নিরীহ মানুষের ওপর বোমা হামলা ও মানুষ হত্যা করে দেশের শান্তি--শৃঙ্খলা বিনষ্ট করছে। যা ইসলাম অনুমোদন করে না।

তিনি বলেন, বোমাবাজি করে ইসলাম প্রতিষ্ঠার কোনো প্রয়োজন বাংলাদেশে নেই। কারণ বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষই ধর্মপ্রিয় মুসলমান। যারা বোমাবাজি করে ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে, তারা ইসলামের শত্র“।

নামাজ শেষে মোনাজাতে পেশ ইমাম বোমাবাজদের হেদায়েত অথবা ধ্বংসের জন্য মহান আল্লাহপাকের দরবারে ফরিয়াদ করেন। পরে ইমাম ও মসজিদ কমিটির কর্মকর্তা আলী আহম্মদ খন্দকারের নেতৃত্বে একটি মিছিল বের হয়।

এছাড়াও ঢাকা, ঝালকাঠি, নীলফামারী, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় মসজিদের খুতবা ও দোয়ায় খতিব ও ইমামরা জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। পরে মসজিদের মুসল্লিদের নিয়ে মিছিল বের করা হয়।

রাজশাহীতে ড আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বধীন সংগঠন আহলে হাদিস বাংলাদেশ সারাদেশে বোমাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে।