ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির উর্ধ্বে উঠে সকলকে এক হয়ে কাজ করতে হবে: তারেক রহমান
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, দেশে বিগত সরকারের আমলে শুরু হওয়া বোমা হামলা সম্প্রতি জঙ্গি সমস্যায় রূপ নিয়েছে। সরকার এ সমস্যা মোকাবেলায় আন্তরিকতার সাথে কাজ করছে। তবে এ সমস্যা নির্মূল করতে সকলকে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির উর্ধ্বে উঠে এক হয়ে কাজ করতে হবে।
বুধবার ঢাকায় দৈনিক মানবজমিন এর সাপ্তাহিক প্রকাশনা জনতার চোখ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
বৈঠকে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
আলোচনায় আরো অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মঈনুল হোসেন চৌধুরী,
জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগ নেতা সুলতান মুহম্মদ মনসুর, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, বার কাউন্সিলের সহ--সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা চেম্বারের সভাপতি সাইফুল ইসলাম, সিপিবি’র রুহিন হোসেন প্রিন্স, ইউনিসেফ প্রতিনিধি লাজিনা মুনা, সাংবাদিক নাদিম কাদীরসহ সাংসদ, সাংবাদিক, সাহিত্যিক, ছাত্রনেতা, অভিনয় শিল্পী, স্থপতি, ব্যবসায়ী এবং সমাজকর্মীগণ।
এছাড়া দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চেšধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, কোনও দল বা সরকারের একার পক্ষে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এ জন্যে সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। সরকারের পক্ষ থেকে জাতীয় নানা সমস্যার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগকে বাধাগ্রস্ত না করে আলোচনার টেবিলে বসে সব জাতীয় সমস্যার সমাধান করতে হবে।
তিনি বলেন, দেশে সন্ত্রাস মোকাবেলায় সরকার র্যাব ও পুলিশ দিয়ে যথেষ্ট ভূমিকা রেখেছে। ইতোমধ্যেই অনেক জঙ্গি সদস্যদের চিহ্নিত করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক উপদেষ্টা মইনুল হোসেন চৌধুরী বলেন, নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করার পর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন দেখে কষ্ট হয়। অথচ মুক্তিযোদ্ধারা অমিত সম্ভাবনার আশা নিয়ে দেশকে শত্র“র হাত থেকে মুক্ত করেছিল।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, দেশে অব্যাহত বোমাবাজি চলছে। এ ক্রান্তিলগ্নে সরকার ও বিরোধী দলকে এক হয়ে কাজ করতে হবে। এ মুহূর্তে সংলাপের প্রয়োজন রয়েছে। তবে তা লোক--দেখানো হলে চলবে না। আগে সংলাপের এজেন্ডা ঠিক করে নিয়ে তারপর আলোচনার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ইতিহাস নিয়ে দু’দলের রাজনীতি বন্ধ করে এর দায়িত্ব ইতিহাসবিদ ও বুদ্ধিজীবীদের ওপর ছেড়ে দেওয়া উচিত। দেশের মানুষের মধ্যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু ও শহীদ জিয়াকে শহীদ জিয়া বলার মানসিকতা তৈরি করতে হবে।
