সফরসূচি পরিবর্তন: হাসিনা বুধবার সরাসরি খুলনায় মহাসমাবেশে যাবেন, ফিরবেন টুঙ্গিপাড়া হয়ে
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দক্ষিণ--পশ্চিমাঞ্চল সফর কর্মসূচি শেষ মুহূর্তে হঠাৎ পরিবর্তন করা হয়েছে।
সংশোধিত সফরসূচি অনুযায়ী আগামী শুক্রবার তিনি সরাসরি খুলনা যাবেন। টুঙ্গিপাড়া হয়ে পরদিন শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি। বিরোধী দলীয় নেতার একজন ব্যক্তিগত কর্মকর্তা বুধবার বিকেলে বিডিনিউজকে জানান, শেখ হাসিনা শুক্রবার সকালে সুধাসদন থেকে সড়কপথে সরাসরি খুলনা যাবেন। সেখানে বিকেলে তিনি ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দেবেন।
সন্ধ্যায় টুঙ্গিপাড়া ফিরে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। রাতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে অবস্থান করবেন তিনি।
পরদিন টুঙ্গিপাড়া থেকে ঢাকা ফেরার পথে তার ফরিদপুরে সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক গৌতম দাসের ভাঙ্গার বাসভবনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থেকে শেখ হাসিনার তিন দিনের সফর শুরু হওয়ার কথা ছিল।
