সুধাসদন প্রধানমন্ত্রীর চিঠি প্রত্যাখ্যান করেছে, ১ম লিড
বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বাসভবনের কর্মচারিরা মঙ্গলবার ইসলামী জঙ্গিদের মোকাবেলা বিষয়ক সংলাপে যোগ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান সম্বলিত চিঠি গ্রহণ করেননি।
প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব শামসুল আলম বিকেল পৌনে ৫টায় চিঠি নিয়ে সুধা সদন পৌঁছালে সেখানকার কর্মচারি আক্কাস তাকে বলেন, চিঠিটি গ্রহণ করার মত সেখানে কেউ নেই।
শামসুল আলম সুধাসদনে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করে ফিরে আসেন।
এদিকে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চিঠিটিতে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে জঙ্গিবাদ মোকাবেলায় কার্যকর উপায় বের করতে একটি জাতীয় সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন।
সুত্র আরও জানায়, চিঠিতে সংলাপের ব্যাপারে সুনির্দিষ্ট কোনও সময় সীমা উল্লেখ করা না হলেও আলোচনা সাপেক্ষে এটি নির্ধারণ করা যেতো বলে সূত্রটি দাবি করেছে।
ধারণা করা হচ্ছে, চিঠিতে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে সংলাপ প্রস্তাব ছিল।
প্রধানমন্ত্রী মঙ্গলবার ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এর আগে সোমবার তিনি এ ব্যাপারে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেছেন।
এরপর শামসুল আলম সাংবাদিকদের বলেন, চিঠিটির ব্যাপারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীকে জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর বিরোধী দলীয় নেতার সংসদ ভবনের দপ্তরে আরেকটি চিঠি পাঠিয়েছেন। বিরোধী দলীয় নেতার সংসদ দপ্তর সংলাপ প্রস্তাবের চিঠিটি গ্রহণ করা না হলে বিএনপি নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করবেন।
এ ব্যাপারে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মুক্তাঙ্গনে এক সমাবেশে বলেন, তিনি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কোনও সাড়া পাওয়া যায়নি।
মান্নান ভূঁইয়া সংলাপ প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে চান তাহলে সংলাপে যোগ দিন।
