২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের আহ্বান রাজনৈতিক অসৎ কৌশল: কুষ্টিয়ার জনসভায় আব্দুল জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকারের সংলাপ প্রস্তাব আবারো প্রত্যাখ্যান করে বলেছেন, এ আহ্বান রাজনৈতিক অসৎ কৌশলেরই অংশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, একদিকে আমাদের দোষারোপ করবেন, আরেকদিকে সংলাপের জন্যে ডাকবেন, এসব অপকৌশলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না।

শনিবার কুষ্টিয়া জেলা পাবলিক লাইব্রেরির সামনে শহরের প্রধান সড়কে ১৪ দলের এক বিশাল জনসভায় তিনি একথা বলেন।

আব্দুল জলিল বলেন, সংলাপের জন্যে সরকারের কোনও আন্তরিকতা নেই। বিএনপি জাতিকে বিভ্রান্তির মধ্যে রেখে স্বাধীনতাবিরোধী জামাতকে সাথে নিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তারা আবারো ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়। কিন্তু আমরা বেঁচে থাকতে কখনই তা সফল হবে না।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কার করা ছাড়া বাংলাদেশে কোনও নির্বাচন করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চক্রান্তের অংশ হিসেবে সরকারের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক শক্তি দিনে দিনে জঙ্গি রূপ নিযেছে। একাত্তরের পরাজয়ের শোধ নিতে জামাত বোমাবাজী করে দেশকে বিপণœ করে ফেলেছে। তারা প্রধানমন্ত্রীর ঘাড়ে সাওয়ার হয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি রশীদুজ্জামানের সভাপতিত্বে জনসভায় দলের উপদেষ্টা কমিটির ব্যরিস্টার আমির উল ইসলাম, গণফোরামের পঙ্কজ ভট্টাচার্য, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না প্রমুখ নেতা বক্তব্য রাখেন।