মেয়রের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকারের পতন ঘটাতে ঐক্যবদ্ধ হোন: কামরান হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট সিটি করপোরেশনের মেয়র ও দলের সিলেট মহানগর শাখার সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরানকে হত্যার উদ্দেশ্যে আবারও গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, যেখানে সরকার প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা দিতে পারে না, সেখানে সাধারণ নগরিকের জীবনের সামান্যতম নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?
শেখ হাসিনা বলেন, জোট সরকারের পৃষ্ঠপোষকতা ও ইন্ধনে উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী ইতোপূর্বেও সিলেটের গণমানুষের নেতা কামরানকে হত্যার প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু সরকার হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ না করে তাদের রক্ষা করেছে।
তিনি বলেন, সরকারের আস্কারা পেয়েই আবারও জঙ্গি গোষ্ঠী মেয়রকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এই গ্রেনেড হামলার দায় সরকার কোনও ভাবেই এড়াতে পারবে না।
গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার দেশটাকে কোন অতল গহ্বরে নিমজ্জিত করতে চায়-- তা আজ জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।
আওয়ামী লীগ প্রধান বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা বিধানের শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে জোট সরকার দেশ ও জনগণের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত যুদ্ধ শুরু করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আজ দেশ ও জনগণের শত্র“দের প্রতিপালন করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, অনেক দেরিতে হলেও সরকার সম্প্রতি জঙ্গিদের উপস্থিতি স্বীকার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বক্তৃতা করলেও বস্তুত জঙ্গিদের রক্ষা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশবাসীর মনে আজ আর কোনও সন্দেহ নেই, বর্তমান সরকারই জঙ্গিবাদের মূল হোতা এবং এ অপশক্তির পৃষ্ঠপোষক। জোট সরকারের পতনই এ অপশক্তির হাত থেকে দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ।
দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ ও জাতিকে বাঁচাতে জঙ্গিবাদের মূল হোতা জোট সরকারের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল নাগরিককে এগিয়ে আসতে হবে।
