বোমা হামলার তদন্ত ইস্যুতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারি উদ্যোগে এসসিবিএ’র নিন্দা
হাইকোর্ট ১৭ আগস্টের পর থেকে এপর্যন্ত বিভিন্ন আদালত প্রাঙ্গণে যেসব বোমা হামলার ঘটনা ঘটেছে সেগুলোর তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতি দুই সপ্তাহ অন্তর রিপোর্ট করার জন্যে সরকারকে নির্দেশ দিয়েছিলেন।
পরবর্তীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বৃহস্পতিবার হাইকোর্টের এর আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে একটি পিটিশন দাখিল করা হয়।
এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক এম ইনায়েতুর রহিম এক বিবৃতিতে বলেন, অপরাধীদের এবং তাদের পৃষ্ঠপোষকদের রক্ষার জন্যে সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তারা বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নেয়া সরকারি পদক্ষেপে এটি প্রমাণিত হয়েছে যে, এসব ঘটনার তদন্ত করার ব্যাপারে সরকারের আগ্রহ নেই। সরকার এসব ঘটনার তদন্তের ব্যাপারে হাইকোর্ট এবং জনগণের কাছে জবাবদিহি করতে চায় না।
তারা সরকারের এ উদ্যোগকে দুর্ভাগ্যনজক, নিন্দনীয় ও দুঃখজনক হিসেবে উল্লেখ করেন।
রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দাখিল করা এ পিটিশনের শুনানি অনুষ্ঠিত হবে।
