চট্টগ্রামে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল পালিত
চট্টগ্রামে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের আহ্বানে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, পিকেটারা কোথাও কোথাও যানবাহন চলাচলে বাঁধা দেওয়া ছাড়া তেমন কোন বড় ধরণের ঘটনা ঘটেনি। অন্যান্য দিনের হরতালের চেয়েও আজকের হরতালে রাস্তায় পিকেটারদের অধিক তৎপর দেখা গেছে। রাস্তায় যানবাহনও চলাচল করেছে কম । নিউমার্কেট, আমতলা ও জিইসি মোড় এলাকায় পিকেটারা যান চলাচলে বাধা দিয়েছে।
সকালে পিকেটাররা নিউমার্কেট এলাকায় একটি টেক্সি ভাংচুর করেছে। পিকেটারদের প্রহারে টেক্সিচালকের মাথা ফেটে যায়। রাস্তায় কিছু যানবাহন চলাচল করলেও সকল আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ ছিল।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, চারটি আন্তর্জাতিক ফ্লাইটসহ সবগুলো ফ্লাইট যথারীতি আসা যাওয়া করেছে। তবে যাত্রী সংখ্যা ছিল তুলনামুলক কম। বন্দর নগরী থেকে ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল বলে রেল সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কাজকর্ম স্বাভাবিক থাকলেও বাইরে মালামাল ডেলিভারী হয়নি। সীতাকুন্ড, কালুরঘাট, বায়েজীদ ও নাসিরাবাদ শিল্পএলাকার কলকারখানাগুলোতে উপস্থিতি কম থাকায় উৎপাদন ব্যাহত হয়। শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাট , বিপনী কেন্দ্র ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
অওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪দলীয় জোট ও আইনজীবিরা হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ করেছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন দেশব্যাপী অব্যাহত বোমা হামলা ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণে সরকারী প্রচেষ্টার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করেছে। সমাবেশ শেষে সাংবাদিকদের একটি মিছিল মঙ্গলবারের বোমা হামলার স্থল ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়।
