শান্তিচুক্তি সফল করতে ঐক্যবদ্ধ হতে হবে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও জনগণের অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে শান্তিচুক্তি সফল করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আওয়ালী লীগ তার জন্মলগ্ন থেকেই এদেশে বসবাসরত সকল আদিবাসী ও পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর জীবনাচার, সংস্কৃতি ও আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পরপরই তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রামে বিরাজমান দীর্ঘদিনের জাতিগত সংঘাত নিরসনে উদ্যোগ গ্রহণ করে। এরপর পার্বত্য শান্তিচুক্তি সম্পাদিত হয়।
তিনি বলেন, শান্তিচুক্তি সম্পাদনের পর পার্বত্য এলাকার পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছিল। কিন্তু বিএনপি-জামাত জোট আজ পার্বত্য অঞ্চলে আবারো জাতিগত সংঘাতকে উস্কে দিচ্ছে। এতে শান্তিচুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
সকল বাধা অতিক্রম করে এ চুক্তি সফল করার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
