২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তির বর্ষপূর্তিকে কেন্দ্র করে পার্বত্য রাজনীতি উত্তপ্ত

আট বছর আগে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর হওয়ার পরও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হয়নি। চুক্তি বর্ষপূর্তিকে কেন্দ্র করে পাহাড়ের রাজনীতি এখন উত্তপ্ত। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

চুক্তি স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে ২ ডিসেম্বর রোববার রাঙ্গামাটি, খাড়গাছড়ি ও বান্দরবান-- এই তিন পার্বত্য জেলায় সমাবেশ, ঢাকায় ও চট্টগ্রামে সেমিনারের আয়োজন করেছে। তাদের দাবি, পার্বত্য সমস্যা সমাধানে চুক্তির যথাযথ বাস্তবায়ন।

অন্যদিকে, চুক্তিবিরোধী বিএনপি--জামাত সমর্থিত বাঙালি সেটলারদের সংগঠন সমঅধিকার আন্দোলন তাদের ভাষায় ‘কালো চুক্তি’ বাতিলের দাবিতে পাহাড়ে পাল্টা সমাবেশ ডেকেছে।

বিডিনিউজ--এর রাঙ্গামাটি, খাড়গাছড়ি ও বান্দরবান প্রতিনিধি জানান, সমঅধিকার আন্দোলনকে চুক্তিবিরোধী পাহাড়ি গ্র“প ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মদদ দিচ্ছে। তাদের লক্ষ্য, চুক্তি বানচাল, তথা জনসংহতি সমিতিকে প্রতিহত করা।

এ পরিস্থিতিতে পার্বত্য জেলা খাগড়াছড়ির রাজনৈতিক অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে জনসংহতি সমিতি চেঙ্গি স্কোয়ারে সমাবেশ ডেকেছে। একই জায়গায় সমঅধিকার আন্দোলন ডেকেছে পাল্টা সমাবেশ।

তিন পার্বত্য জেলার মধ্যে সমঅধিকার আন্দোলন ও ইউপিডিএফ খাগড়াছড়িতে বেশকিছুটা সংগঠিত।

এ অবস্থায় পার্বত্য বিশ্লেষকরা সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন।

অন্যদিকে, জনসংহতি সমিতির অভিযোগ, আট বছরে শান্তিচুক্তির মৌলিক শর্তসমূহ বাস্তবায়িত হয়নি। এ সরকারের আমলে শান্তিচুক্তি বাস্তবায়ন সম্পূর্ণ বন্ধ রয়েছে। উপরন্তু জোট সরকার চুক্তিবিরোধী কার্যকলাপ করেই চলেছে।

অন্যদিকে সরকার পক্ষ বলছে, শান্তিচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ রয়েছে, এ কথা ঠিক নয়। চুক্তি বাস্তবায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে যথাযথভাবে চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন দরকার।

আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার চুক্তি স্বাক্ষর করেও তা বাস্তবায়ন করেনি। আর জোট সরকার চুক্তি পরিপন্থী কাজ করে চলেছে।

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, আমরা মনে করি, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে শান্তিচুক্তি বাস্তবায়িত হবে না।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান অবশ্য বলেন, পার্বত্য সমস্যা একটি রাজনৈতিক ও জাতীয় সমস্যা। শান্তিচুক্তির আলোকে এ সমস্যার সমাধান তথা  যথাযথভাবে চুক্তিবাস্তবায়নের জন্যে রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন দরকার।

তিনি বলেন, জোট সরকারের উদ্দেশ্য, পার্বত্য সমস্যা সমাধান করে দাতাগোষ্ঠির সহায়তায় পাহাড়ে দারিদ্র্য বিমোচন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, অবকাঠামোসহ সাবির্ক উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা।