২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে জেএমবি গ্রেফতার ও চার্জশিট প্রদান, আমিনীকে হুমকি

দেশজুড়ে জেএমবি বিরোধী অভিযানের মধ্যেও জঙ্গিরা তাদের হুম্কি -- ধাম্কি অব্যাহত রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

রোববার তারা ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান মুফতি মওলানা ফজলুল হক আমিনী এমপিকে প্রাণনাশের হুমকি দিয়ে পত্র দেয়।

এদিকে জেএমবি সন্দেহে বিভিন্ন জেলা থেকে ২০ জনেরও বেশীকে গ্রেফতার করা হয়েছে। বোমা হামলা সংক্রান্ত একাধিক মামলায় বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি জেলা থেকে উদ্ধার করা হয়েছে বোমা সদৃশ বস্তু ও বোমা । এছাড়া বিভিন্ন জেলায় জেএমবি তাদের হুমকি অব্যাহত রেখেছে। বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ প্রতিনিধি এ খবর জানিয়েছেন।

ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান মুফতি মওলানা ফজলুল হক আমিনী এমপি দাবি করেছেন, রোববার জেএমবি আরবি হরফে  লেখা এক পত্রে তাকে হুমকি দিয়ে বলেছে, আলেম -- ওলেমারা যদি তাদের চলমান আন্দোলনে সহায়তা না করে, তবে তাদের ওপর বৃষ্টির মতো বোমা হামলা করা হবে।

এ বিষয়ে আমিনী বিডিনিউজকে জানান, পত্রদাতারা নিজেদেরকে আহলে হাদীস এবং সরাসরি রাসুলের (রঃ) লোক বলে দাবি করেন।

তিনি জানান, পত্রে বলা হয়, তাদেরকে প্রতিবেশী একটি রাষ্ট্র সহায়তা দিচ্ছে।

এদিকে চুয়াডাঙ্গায় শনিবার রাত ১০ টায় স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা অফিসে এক জেএমবি সদস্য বিবৃতি প্রদান করে। 

পুলিশ সূত্র জানায়, দৈনিক মাথাভাঙ্গা অফিসে শনিবার রাত দশটায় ০১১-৩৫৪৫৫১ নম্বর মোবাইল থেকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ অঞ্চলের জেএমবি’র আঞ্চলিক কমান্ডার বা নেতা রাজু আহমেদ এক বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, জেএমবির অন্যতম নেতা আতাউর রহমান সানিসহ অন্যান্য নেতাদের আটক করে রিমান্ডের নামে মানসিক ও শারীরিক নির্যাতন করা হলে ঝিনাইদহসহ বৃহত্তর কুষ্টিয়ার যে কোনো জেলায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হবে। গ্রেফতার করে জেএমবি সদস্যদের দমিয়ে রাখা যাবে না।

আরো জেএমবি গ্রেফতার: নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াবাজার এলাকা থেকে র‌্যাব জেএমবির উচ্চ পর্যায়ের দুজন জঙ্গিকে গ্রেফতার করে। এ নিয়ে গোটা জেলায় তোলপাড় শুরু হয়েছে। শত শত প্রত্যক্ষদর্শী গ্রেফতারের এই ঘটনা প্রত্যক্ষ করলেও র‌্যাব তা অস্বীকার করেছে।

নীলফামারী পুলিশ সুপার শোয়েব আহম্মেদ কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত দেড়টার দিকে র‌্যাবের তিনটি জীপে করে দুই জঙ্গিকে নয়াবাজার থেকে নিয়ে যাওয়া হয়।

তবে র‌্যাব -- ৫ এর সহকারি পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা বলেন, এ ধরণের কোনো ঘটনা তার জানা নেই।

এদিকে রাজশাহীর ডিবি পুলিশ নওগাঁর সান্তাহার উপজেলার দক্ষিণমাষ্টার পাড়া গ্রাম থেকে শনিবার রাতে জিল্লুর রহমান নামে এক জঙ্গিকে গ্রেফতার করে। চাচা বেলাল হোসেনের বাড়িতে আত্মগোপন করে থাকা অবস্থায়  সে গ্রেফতার হয়। পেশায় মোটর সাইকেল মেকার জিল্লুর রহমানের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ওঁতপাড়া গ্রামে। পিতার নাম মুনছুর আলী।

রাজশাহীর বাগমারা থানা পুলিশ জেএমবি সদস্য সন্দেহে পাঁচ জনকে আটক করেছে। জেলা ডিবি পুলিশ বাগমারা থানা পুলিশের সহায়তায় তাহেরপুর পৌরসভা এলাকা থেকে আমজাদ, আলতাফ, মোনায়েম, কালাম ও সালাম নামের জঙ্গিদের আটক করে।

এছাড়া শনিবার রাজশাহীর র‌্যাব সদস্যরা বগুড়ার শেরপুর উপজেলা থেকে যে ছয়জনকে আটক করেছিলো, রোববার তাদের থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

র‌্যাবের একটি দল সকালে ফারুকি, পলাশ, ইউসুফ, মামুন, লতিফ ও জয়নাল নামের ছয়জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।

জয়পুরহাটে শনিবার রাতে নুরুল হক (১৮) নামে এক জেএমবি  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বিডিনিউজকে জানান, নূরুল হককে ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাবনায় রোববার বিকালে পুলিশ শহরের দইবাজার এলাকা থেকে জেএমবির চারজন ক্যাডারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে: রাশেদুজ্জামান সাইফুল (২৯), নজরুল ইসলাম (৩২), ঘোষপুরের হেদায়েতুল্লাহ (৪০) ও হাবিবুল্লাহ (৩৫)।

বাগেরহাট পুলিশ শনিবার সদর উপজেলার রণবিজয়পুর ও চিতলমারীর আড়–য়াবর্নি গ্রাম থেকে জেএমবি সদস্য সন্দেহে এসএম পারভেজ (৩২) ও মোহম্মদউল¬াহ (৪০) নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে। পারভেজ জামায়াতে ইসলামীর কর্মী এবং  মোহম্মদউল¬াহ চিতলমারীর একটি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট।

বোমা উদ্ধার: রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্কের গেটের সামনে থেকে শনিবার সকালে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি আসলাম ইকবাল বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত বস্তুটি আসলে বোমা নয়। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই বস্তুটি রাখা হয়েছিলো।

চট্টগ্রামের কোরবানীগঞ্জ এলাকার একটি পাঁচতলা ভবনের পাশ থেকে রোববার সকালে পুলিশ দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।

নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়া গোদারাঘাট থেকে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ  রোববার সকালে পরিত্যক্ত অবস্থায় লাল টেপ মোড়ানো আটটি বোমা উদ্ধার করেছে।

চার্জশিট প্রদান: রাজবাড়ীতে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক শনিবার এই চার্জশিট প্রদান করেন। অভিযুক্ত মামুন মোল্লা এবং খন্দকার মোঃ হাফিজউল্লাহ (আনিস) গ্রেফতার হলেও অন্য ১১ জন পলাতক রয়েছে।

ঝালকাঠিতেও সিরিজ বোমা হামলার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। ডিবি ইন্সপেক্টর সাইফুল ইসলাম এই চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অভিযুক্ত দুজন হচ্ছে, রিকশাচালক ফরিদ হাওলাদার এবং আল ইকরাম সমাজকল্যাণ সংস্থার পরিচালক জিয়াউর রহমান জিয়া।

ফরিদ ঘটনার দিনই গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে এবং জিয়া পলাতক। দুজনেরই বাড়ি ঝালকাঠি জেলায়।

আদালতে স্বীকারোক্তি: গাজীপুরে আটককৃত কলেজ ছাত্র ও জেএমবি নেতা মাহবুব আলম (২২) আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দীতে ১৭ আগস্ট শহরের বটতলার কালীমন্দিরের সামনে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।

রিমান্ড: রাজশাহীতে গ্রেফতারকৃত চারজন জঙ্গিকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এনামুল, আজমত ও হাসমতকে মতিহার থানা পুলিশ এবং ওহাবকে পুঠিয়া থানা পুলিশ রিমান্ডে নেয়।