২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের শোকদিবস পালন, বৃহস্পতিবারের হরতাল সফল করার আহবান

গাজীপুর ও চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে মঙ্গলবার দুটি  আত্মঘাতী বোমা হামলায় নিহত আইনজীবী, পুলিশ ও সাধারণ নাগরিকদের স্মরণে বুধবার আইনজীবীরা দেশব্যাপী শোক দিবস পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

একই সাথে আদালত প্রাঙ্গনে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) ডাকা বৃহস্পতিবারের সকাল সন্ধ্যা হরতাল সফল করতে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করছে। 

বোমা হামলার প্রতিবাদে বুধবার আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ, আলোচনা সভা, কালো ব্যাজ ধারণের পাশাপাশি দেশের সকল বার প্রাঙ্গনে কালো পতাকা উওেত্তালন করেন।

বুধবার বিডিনিউজ’র সঙ্গে আলাপকালে এসসিবিএ সভাপতি মাহবুবে আলম বলেন, আইনজীবী, সংবিধান, বিচার বিভাগ রক্ষা এবং দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে এসসিবিএ বৃহস্পতিবার সারাদেশে হরতাল আহ্বান করেছে।

তিনি বলেন, আইনজীবীরা বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমবেত হবেন। পরে তারা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। সবশেষে তারা এসসিবিএ প্রাঙ্গণে বৈঠক করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ বার কাউন্সিল, সুশীল সমাজের সদস্য, মানবাধিকার কর্মী এভং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলসহ সকল পেশাজীবীর মানুষ  আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

তিনি হরতাল সফল করতে সকল শ্রেনীর মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

বুধবার এসসিবিএ ভবনের দক্ষিণ হলে মাহবুবে আলমের সভাপতিত্বে একটি শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্যে সরকারের প্রতি দাবি জানানো হয়।

সমাবেশে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (এসএএসপি) আহ্বায়ক ব্যরিস্টার আমির-উল-ইসলাম বলেন, উগ্র ও চরমপন্থিরা কয়েক বছর ধরে ধর্মের নামে অধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, মন্ত্রীপরিষদসহ সরকারের অভ্যন্তরেই বোমা হামলাকারিদের পৃষ্ঠপোষক রয়েছে বিধায় এ ব্যাপারে যথাযথ তদন্ত করতে হবে।

সমাবেশে আইনজীবীরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এভং নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শোকসভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিকি, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফউজে)’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, এসএএসপি সদস্য সচিব এডভোকেট সুব্রত চৌধুরী, এসসিবিএ সাধারণ সম্পাদক এডভোকেট ইনায়েতুর রহিম, এডভোকেট শাহ জহুরুল হক বক্তৃতা করেন।