২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি বোমাবাজদের আশ্রয়দাতা সরকারের  সংলাপ আহ্বানের নৈতিক অধিকার নেই : যুব সংগ্রাম পরিষদ

যুব সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, সশস্ত্র জঙ্গি সাম্প্রদায়িক অপশক্তি ও  বোমাবাজদের আশ্রয়দাতাদের সংলাপ আহবানের কোন নৈতিক অধিকার নেই। এখন তাদের একমাত্র পথ ক্ষমতা থেকে সরে দাঁড়ানো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

রোববার বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদের এক সভায় তারা এ কথা বলেন। দু’দিনব্যাপী সভার প্রথম দিনে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।

সভায় জোট সরকারের সংলাপ আহবানকে ‘স্ট্যাণ্ডবাজি’ বলে আখ্যায়িত করে বলা হয়, সরকার মহাসমাবেশকে ভন্ডুল করতে ব্যর্থ হয়ে এখন পিঠ বাঁচাতে প্রতারণার আশ্রয় নিয়েছে। জঙ্গি, সাম্প্রদায়িক শক্তি ও বোমাবাজদের আশ্রয়দাতার সংলাপ আহবানের কোন নৈতিক অধিকার নেই।

১৪ দল ঘোষিত কর্মসূচিকে সফল করে তোলার জন্য যুব সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৬ ও ৭ ডিসেম্বর খুলনা বিভাগ সফর করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার এক প্রস্তাবে ভোটার তালিকা প্রনয়ণে সরকার দলবাজির নীতি অনুসরণ এবং শিবির ছাত্রদল ক্যাডারদের ব্যবহারের অভিযোগ এনে  তা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।