বেসরকারি ৬৪ শিক্ষক-কর্মচারির বেতন পরিশোধের জন্য সরকারের প্রতি হাইকোর্টের নির্দেশ
দু’টি বেসরকারি কলেজের ৬৪ জন শিক্ষক--কর্মচারির বেতন পরিশোধের জন্য সরকারের প্রতি নির্দেশ জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রোববার এ রায় প্রদান করেন। এছাড়া ওই রায়ে কেন আবেদনকারীদের বেতন বন্ধের আদেশ অবৈধ ঘোষণা করা হবে না, সে ব্যাপারে মহাপরিচালকের কার্যালয়কে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে।
মাগুরার আরপাড়া ডিগ্রি কলেজ এবং বাগেরহাটের রওশন আরা স্মৃতি ডিগ্রি কলেজের ৬৪ জন কলেজ শিক্ষক ও কর্মচারির পক্ষে দায়ের করা তিনটি পৃথক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেন।
আরপাড়া ডিগ্রি কলেজের ৪৯ জন এবং রওশন আরা স্মৃতি মহিলা কলেজের ১৫ জন শিক্ষক ও কর্মচারির বেতন বন্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ‘স্টপ পেমেন্ট’ আদেশ জারি করেন।
ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক তিনটি আবেদন করা হয়।
আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এবিএম নূরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদে এবং অ্যাডভোকেট আফিফা বেগম।
