আ.লীগ নেতা ক্যান্সার বিশেষজ্ঞ ডা: শাহাদাতের নামাজে জানাজা অনুষ্ঠিত
আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ--সম্পাদক সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটির মহাসচিব ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা: শাহাদাত হোসেনের নামাজে জানাজা রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লণ্ডনে তিনি ইন্তেকাল করেন।
মরদেহ রোববার সকালে লণ্ডন থেকে ঢাকা পৌঁছলে প্রথমে তার বাসভবন এবং দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়।
এখানে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার পক্ষে দলের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন ও অধ্যাপিকা নাজমা রহমান মরদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষেও মরদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
পরে বঙ্গবন্ধু এভিনিউতে ডা: শাহাদাতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সোমবার জোহর নামাজের পর নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
