২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আবু হেনার সদস্যপদ বাতিল হবে না: স্পিকার

স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বৃহস্পতিবার বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পরও আবু হেনার সংসদের সদস্যপদ বাতিল হবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে তার সদস্যপদ বাতিল হতে পারে না। বরং তার সদস্যপদ বহাল থাকবে।

সংবিধানের ৭০  অনুচ্ছেদ উল্লেখ করে স্পিকার বলেন, তার (আবু হেনা) সদস্য পদ বাতিল হতো, যদি তিনি দলের বিপক্ষে ভোট প্রদান করতেন। 

সংবিধানের ৭০ (১) অনুচ্ছেদ অনুসারে, কোনও নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি ওই দল হতে পদত্যাগ করেন বা সংসদে ওই দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। 

সাবেক স্পিকার অ্যাডভোকেট আবুল হামিদ বর্তমান স্পিকারের বিশ্লেষণকে সমর্থন করেন।

তবে এর আগে ৭ম সংসদে বিএনপি’র সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান দলের বিপক্ষে গিয়ে সংসদে যোগ দেওয়ার কারণে সদস্য পদ বাতিল হয়। এ সংক্রান্ত আইনগত বিবাদে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মেজর (অব.) আখতারুজ্জামানের সদস্য পদ বাতিল হয়। পরবর্তীতে হাইকোর্ট এ সিদ্ধান্তকে সঠিক বলে ঘোষণা করেন।    

সংবিধানের ৭০ (১) অনুচ্ছেদ অনুসারে, কোনও সংসদ সদস্য তার নির্বাচনের পর সংবিধান বর্ণিত অযোগ্যতার অধীন হয়েছে কিনা বা ৭০ অনুচ্ছেদ অনুসারে কোনও সংসদ আসন শূন্য হবে কি না, সে সম্পর্কে কোনও বির্তক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্যে প্রশ্নটি নির্বাচন কমিশনের কাছে প্রেরিত হবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।