সংস্কার ছাড়া কোনও নির্বাচন হতে দেওয়া হবে না: ১৪ দল
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া দেশে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার হরতাল চলাকালে নগরীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে তারা এ ঘোষণা দেন। সমাবেশ থেকে জোট সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের সরকার প্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
মহানগর আওয়ামী লীগ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মফিজুল ইসলাম খান কামাল, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান নূর এমপি, কর্নেল (অব.) ফারুক খান এমপি, অধ্যাপিকা নাজমা রহমান, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকসহ ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
