২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা হয় না, সন্ত্রাসীদের প্রতিহত করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপরায়ন। দেশে ইসলামি মূল্যবোধের সরকার রয়েছে। ইসলামে মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করার কথা কোথাও বলা নেই। মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

তিনি ‘যারা ইসলামের নামে, ধর্মের নামে সন্ত্রাস করে, তাদের প্রতিরোধ’ করার  আহ্বান জানিয়ে বলেন, ওইসব সন্ত্রাসীদের ধরিয়ে দিন।

প্রধানমন্ত্রী বুধবার ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় মাঠে এবং দৌলতখান উপজেলার বাজার চত্বরে দুটি পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ হওয়া সত্ত্বেও বিরোধী দল দেশের বাইরে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুণœ করছে। অথচ এবছরও শান্তিপূর্ণভাবে রমজান ও পূজা একই সঙ্গে পালিত হয়েছে। সরকারের মন্ত্রীরা রোজা রেখে পূজার অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী দুপুর সোয়া ১ টায় দৌলতখান বাজার জনসভাস্থলে পৌঁছেন। এ সভায় সভাপতিত্ব করেন ভোলাÑ২ আসনের এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিকাল ৪ টায় বোরহান উদ্দিন উপজেলায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পানি সম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন, শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান, সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বরিশাল সিটি করপোরেশন মেয়র মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বিএনপি জোট সরকারের অব্যহত উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর ও পঙ্গু অর্থনীতি পেয়েও গত চার বছরে সরকার ভোলায় ৭২ কোটি টাকার গ্রামীণ অর্থ কাঠামোগত উন্নয়ন করেছে। নদী ভাঙন রোধে এ পর্যন্ত ৭৪ কোটি টাকার ব্লক প্রকল্প সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, সরকার দেশের বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। বর্তমান বিশ্বে শিক্ষার কোনও বিকল্প নেই। দেশের বাইরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষা প্রশংসা কুড়িয়েছে।

তিনি ভোলা জেলাকে সম্ভাবনাময় জেলা উল্লেখ করে বলেন, ভোলায় রয়েছে অফুরন্ত গ্যাস ভাণ্ডার। নদী ভাঙন যেন গ্যাস ক্ষেত্রের ক্ষতি করতে না পারে, সেজন্য এ পর্যন্ত ৭৪ কোটি টাকা ভাঙন রোধ প্রকল্পে ব্যয় করা হয়েছে।