নির্বাচন কমিশন সংস্কার হচ্ছে, তবে বিরোধী দলের দাবির মুখে নয়
নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনী আইন সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। তবে বিরোধী দলের দাবির মুখে এ সংস্কার করা হচ্ছে না।
নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবের খসড়া তৈরি করে তা সকল রাজনৈতিক দলের কাছে উপস্থাপন করবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব তথ্য জানান।
তিনি বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন এখন সম্পূর্ন স্বাধীন। আমি যা চাই তাই তো হচ্ছে।’
সিইসি দাবি করে বলেন, ‘অন্য দুই নির্বাচন কমিশনারের সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’
বিরোধী দলের নির্বাচন কমিশন সংস্কারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, কমিশন সংস্কারের উদ্যোগ রয়েছে। যথা সময়ে তা জানানো হবে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনারদের মতামতের ভিত্তিতেই তিনি এ কাজ করবেন। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
সিইসি এমএ আজিজ জানান, নতুন ভোটার তালিকার জন্য দুলাখ ৪০ হাজার তথ্য সংগ্রহকারী এবং ৬০ হাজার সুপারভাইজার নিয়োগের কাজ এ মাসেই শেষ হবে। ডিসেম্বর মাসে তাদের প্রশিক্ষণ, প্রচারণাসহ অন্যান্য কাজ চলবে। জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে বাড়িবাড়ি গিয়ে ভোটার তালিকা প্রস্তুত করার কাজ শুরু এবং ফেব্র“য়ারীতে এ কাজ শেষ হবে।
তিনি জানান, ১৯৯০ সালের পর এবারই প্রথম নির্বাচন কমিশন ছিটমহলবাসীকে ভোটার করার উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলেই তাদের ভোটার করার উদ্যোগ গ্রহণ করা হবে।
