২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘট  বিরোধী দলেরই পাতানো খেলা : সংসদে মন্ত্রী ও সাংসদরা

মহাসমাবেশকে সামনে রেখে ডাক দেয়া পরিবহন ধর্মঘটকে বিরোধী দলের পাতানো খেলা হিসেবে অভিহিত করেছেন সরকারি দলের মন্ত্রী ও সাংসদরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

মঙ্গলবার মাগরিবের নামাজের পর স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর শেষে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিরোধী দলের বিভিন্ন অভিযোগ জবাব দিতে গিয়ে মহাসমাবেশ নিয়ে আলোচনার সূত্রপাত করেন। এ নিয়ে অনির্ধারিত আলোচনায় অংশ নেন বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জাতীয় পার্টির (এরশাদ) মশিউর রহমান রাঙ্গা। 

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, মহাসমাবেশ সফল করতে বিভিন্ন জেলায় সভা সমাবেশে সাড়া না পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল দলের এমপি ও পরিবহন শ্রমিক নেতা  শাহজাহান খানকে দিয়ে পরিকল্পিতভাবে এ ধর্মঘট আহ্বান করিয়েছেন। এ জন্যে শাহজাহান খান পরিকল্পিতভাবে পরিবহন নেতা মুজিবুর রহমানকে গ্রেপ্তার করিয়ে তার ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খানকে দিয়ে ধর্মঘট আহ্বান করান।

মন্ত্রী আরও দাবি করেন, তাদের চক্রান্তের কথা জানতে পেরে সরকারি দলের উদ্যোগে মঙ্গলবার পরিবহন শ্রমিক নেতা মুজিবুর রহমানকে জামিন নেওয়া হয়েছে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, শ্রমিক নেতা মুজিবর রহমানকে বিরোধী দল গ্রেপ্তার করেনি, করেছে পুলিশ। যদি সরকারের নির্দেশে গ্রেপ্তার না করা হয়, তাহলে ওইসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এসময় বিরোধী দলীয় নেত্রীরও সমালোচনা করেন যোগাযোগ মন্ত্রী।