৫ মাসে ৭৫ হাজারের বেশি চোরাচালান বিরোধী অভিযান: বাবর
চোরাচালান বন্ধে তার প্রতিশ্র“তির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সোমবার জাতীয় সংসদে বলেন, চোরাচালান বন্ধে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে।
তিনি বলেন, বিডিআর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ এবং কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী গত ৫ জানুয়ারি থেকে ৫ জুন পর্যন্ত মোট ৭৫ হাজার ২০১ টি অভিযান চালিয়ে চোরাচালানের সাথে জড়িত ৪ হাজার ৮৭৬ জনকে গ্রেফতার করেছে।
সংসদে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামি সংসদ সদস্য মিয়া গোলাম পারওয়ারের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জাতীয় সংসদে তিনি আরও জানান, এ ব্যাপারে মোট ৬ হাজার ৫২৬ টি মামলা হয়েছে এবং এক হাজার ৫০৮ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
চোরাচালান বন্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তার নেতৃত্বে গঠিত জাতীয় পর্যায়ের একটি কমিটি কাজ করে যাচ্ছে।
