১৪ দলের মহাসমাবেশ মঙ্গলবার: চারদিকে উত্তেজনা উৎকণ্ঠা আর সাজ সাজ রব
আকস্মিক পরিবহন ধর্মঘট, দেশব্যাপী জনগণের উৎকণ্ঠা এবং ছয় স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ১৪ দলের বহুল আলোচিত মহাসমাবেশ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সকাল ১০ টায় জনপ্রিয় শিল্পীদের দেশাত্মবোধক গান ও লোকসঙ্গীতের মধ্য দিয়ে মহাসমাবেশ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মহাসমাবেশে বিরোধী দল রাজধানীতে ১৫ লাখ লোকের সমাগম ঘটাতে চাচ্ছে। বিপুল পরিমাণ কর্মী-সমর্থকের সমাবেশ ঘটিয়ে বিরোধী দল জোট সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করার ব্যাপারে বদ্ধপরিকর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান, সরকারের আকস্মিক পরিবহন ধর্মঘট সত্ত্বেও মহাসমাবেশের দিন লাখো কণ্ঠে ‘ঢাকা চলো’ স্লোগান উঠবে।
বিরোধী দলের নেতারা মনে করছে মহাসমাবেশের পাঁচ কিলোমিটার জায়গা জনারণ্যে পরিণত হবে। সংসদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মহাসমাবেশ থেকে চূড়ান্ত আন্দোলনের রূপরেখা এবং পরবর্তী সরকার গঠনকল্পে ১৪ দলের গৃহীত অভিন্ন কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে, সারাদেশে পরিবহন ধর্মঘটের কারণে মহাসমাবেশ ঘিরে দেশব্যাপী চরম উত্তেজনা বিরাজ করছে।
সরকার ১৪ দলের ২২ নভেম্বরের মহাসমাবেশ বানচাল করে দিতে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে উস্কানি দিতে সোমবার এক শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে। সোমবার সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি বিডিনিউজকে বলেন, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে পরিবহন শ্রমিক নেতা মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। যাতে করে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে এবং অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয়। এতে করে মহাসমাবেশে যোগ দেওয়ার ক্ষেত্রে বাঁধার সৃষ্টি হবে।
এদিকে ধানমণ্ডির বাসভবনে সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকার জনগণকে ভয় পায় এবং এ কারণেই তারা মহাসমাবেশ পণ্ড করার ব্যাপারে ষড়যন্ত্র করছে।
পায়ে হেঁটে হলেও মহাসমাবেশে অংশ নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী।
তিনি বলেন, যেখানেই থাকুন এবং যেখানেই তারা আপনাদের বাঁধা দিক, সেখানেই এই নিপীড়ক জোট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
এদিকে সরকার মহাসমাবেশ ঠেকাতে পাতানো পরিবহন ধর্মঘটের ব্যাপারে বিরোধী দলের অভিযোগ নাকচ করে দিয়েছে।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট ডেকেছে তার সাথে সরকারের কোনও যোগাযোগ নেই।
বিরোধী দলের মহাসমাবেশ বানচাল করতেই শ্রমিক নেতা গ্রেফতারের খেলা সাজানো হয়েছে, বিরোধী দলের এ অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে সরকারের সৌজন্যে ডাকা সরকার সমর্থক পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সোমবার রাতের মধ্যে প্রত্যাহার করা না হলে বিরোধী দলের সমর্থক শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়ার হুমকি দিয়েছে।
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র বিডিনিউজকে বলেন, সরকার সমর্থকদের ধর্মঘট সোমবার রাতের মধ্যে প্রত্যাহার করা না হলে বুধবার থেকে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকব।
এদিকে আকস্মিক ধর্মঘটের কারণে সারাদেশে যাত্রী সাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মঘটের কারণে আন্তঃজেলা বাস সার্ভিস এবং নগরীর ভেতরে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে।
ধর্মঘটের কারণে আন্তঃজেলা বাসগুলো সোমবার ঢাকা ত্যাগ করেনি। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীসহ অন্যান্য বাস টার্মিনালগুলোতে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়।
অন্যদিকে মহাসমাবেশ উপলক্ষে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। অনাকাঙ্খিত কোনও ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য মহাসমাবেশ স্থল পল্টন ময়দানে ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার রাজধানীতে ২০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শুধু পল্টন ময়দানে চার হাজার সদস্য মোতায়েন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ঢাকা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ছয় হাজার পুলিশ আনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মহাসমাবেশ স্থল এবং সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাব, বিডিআর, এপিবিএনসহ বিভিন্ন গোয়েন্দাসংস্থার পর্যাপ্ত সদস্য মোতায়েন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া হেলিকপ্টার থেকে মহাসামাবেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং রাজধানী ও সমাবেশ স্থলের বিভিন্ন প্রবেশ পথে চেকপয়েন্ট বসানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, চেক করা ছাড়া পল্টন ময়দানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। পল্টন ময়দানের চার কিলোমিটার জুড়ে স্পেশাল এলার্ট সিস্টেমসহ একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে পুলিশের একটি সূত্র জানায়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানান, সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশের আইজি আব্দুল কাইয়ুম জানান, মহাসমাবেশের নিরাপত্তার বিষয়টিকে সরকার একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
মঙ্গলবারের মহাসমাবেশে এবং মিছিলে কোনও ধরনের লাঠিসোঁটা বা অন্য কোনও ক্ষতিকর উপাদান বহনের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে।
এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দলের সবাই মহাসমাবেশের আগের মুহূর্তে বিভিন্ন কমসূচি নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন।
সূত্র জানায়, মহাসমাবেশে আসা জনগণকে রাজধানীতে স্বাগত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীতে পাঁচটি অভ্যর্থনা কেন্দ্র সাজানো হয়েছে।
মহাসমাবেশকে সফল করে তুলতে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক বিরামহীন কাজ করে যাচ্ছে। এছাড়া সার্বক্ষণিকভাবে কাজ করবে চারটি মেডিক্যাল টিম। বিকাল তিনটা থেকে মহাসমাবেশের রাজনৈতিক কার্যক্রম শুরু হবে। সমাবেশের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ হাজার মাইক স্থাপন করা হবে।
এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০ পয়েন্টে এক লাখ লিটার পানির ব্যবস্থা ছাড়াও ট্যাংক লরিতে করে খাবার পানি সরবরাহ করা হবে।
