২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতংকিত সরকার মহাসমাবেশ বানচালের চক্রান্ত করছে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকার জনগণকে ভয় পায় বলে মহাসমাবেশ বানচালের চক্রান্ত করছে। আতংকগ্রস্ত এ সরকার জনগণকে কত ভয় পায়, তা তাদের কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছে ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সোমবার তার সুধাসদন বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

সরকারের সকল চক্রান্ত ও বাধা উপেক্ষা করে পায়ে হেঁটে হলেও মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, যে যেখানে আছেন, সেখান থেকেই সরকারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন।

আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের মানুষ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনগণ বিএনপি জামাত জোটকে আর ক্ষমতায় দেখতে চায়না। বিক্ষুব্ধ মানুষ প্রতিবাদ জানাতে চায়। তারা ঢাকায় সমাবেশে আসতে চায়। কিন্তু সেখানেও সরকার বাধা দিচ্ছে।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, যেখানে বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, মানুষকে পল্টন ময়দানে আসতে না দিলে দেশব্যাপী তারা প্রতিরোধ গড়ে তুলবে।

উত্তরবঙ্গে শ্রমিক নেতা গ্রেফতার ও পরিবহন ধর্মঘট আহ্বান বিষয়ে তিনি বলেন, এটা সরকারের একটা সাজানো নাটক। মানুষ যেন মহাসমাবেশে আসতে না পারে, লোক সমাগম না হয়, সেজন্য এই নাটক সাজিয়েছে তারা। এ ঘটনা দিয়ে প্রমাণিত হলো সরকার নিজেরাই হরতাল করছে।

এর আগে সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাত করেন। তারা উত্তরবঙ্গে মঙ্গা কবলিত অসহায় মানুষকে সাহায্যের জন্য শেখ হাসিনার ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করেন।

চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, সরকার রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে। বিনা বিচারে মানুষ হত্যা এবং অত্যাচার নির্যাতন চালাচ্ছে। ক্ষমতাসীন জোট লুটপাটে ব্যস্ত। লাগামহীন দুর্নীতি আর দলীয়করণ করতে গিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে এ সরকার।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগণ অতিষ্ঠ। উত্তরবঙ্গে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। অথচ সরকার তা স্বীকার করতে চায় না। দুর্ভিক্ষ কবলিত মানুষকে সাহায্যও দিচ্ছে না সরকার। আমরা লঙ্গরখানা খুললে তা বন্ধ করে দিয়েছে। এতে নাকি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

এসময় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: রুহুল হক, সাধারণ সম্পাদক ডা: ইকবাল আর্সলান ও হলি ফ্যামিলি ইউনিট নেতা ডা: এজাজ আহমেদ হিরু উপস্থিত ছিলেন।