২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯তম সংসদ অধিবেশ শুরু: এবারও আওয়ামী লীগ নেই

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই রোববার জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 11:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

আওয়ামী লীগ সাংসদদের বিশেষ করে সভানেত্রী শেখ হসিনাকে সদস্যপদ হারানোর হুমকি দিতেই মাত্র পাঁচদিনের এ অধিবেশন ডাকা হয়েছে। আর মাত্র ১৮ দিন সংসদে অনুপস্থিত থাকলেই তার সদস্যপদ শূন্য হয়ে যাবে।

অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠকে এ অধিবেশন ২৪ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

দিনের কর্মসূচি শুরুর পরপরই সরকারি ও বিরোধী উভয় দলের সাংসদরা সফলভাবে ১৩তম সার্ক সম্মেলন আয়োজন করায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।

দ্বিতীয়বারের মতো সার্কের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রশংসা করেন সাংসদরা। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী ও সরকারকে অভিনন্দন জানান।

প্রায় ২৫ মিনিট ধরে চলা এ অনির্ধারিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু, জাপার বেগম রওশন এরশাদ ও গোলাম হাবিব দুলাল।

তবে এ ব্যাপারে ধন্যবাদ প্রস্তাবের অংশ না রেখে অনির্ধারিতভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোয় কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী ক্ষমতাসীন সাংসদদের কঠোর সমালোচনা করেন।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেন, বাংলাদেশ সফলভাবে সার্ক সম্মেলন আয়োজন করায় এখন কোনও রকম শঙ্কা ছাড়াই সাফটায় যোগ দিতে পারে।

তিনি বলেন, সম্মেলন আয়োজনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই।

তবে ঝালকাঠিতে সম্প্রতি দুজন বিচারক হত্যার পর শুরু হওয়া এ অধিবেশনের জন্যে সংসদের ভিতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

চলতি অধিবেশনে প্রথমবারেরর মতো সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের জন্যে নির্ধারিত এবং পরে শূন্য ঘোষিত নয় আসনের বিপরীতে বিএনপি থেকে নির্বাচিত নয়জন নারী সাংসদ যোগ দিয়েছেন।

কার্য উপদেষ্টা কমিটির তথ্য অনুযায়ী, চলতি অধিবেশনে পাশের জন্যে চারটি বিল সংসদে উপস্থাপন করা হবে। এগুলো হচ্ছে, বিদ্যুৎ (সংশোধন) বিল ২০০৫, ভবন নির্মাণ (সংশোধন) বিল ২০০৫, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য (চাকরির চুক্তি ও শর্ত) বিল ২০০৫ এবং দেওয়ানি মামলার নীতিমালা (সংশোধন) বিল ২০০৫। এর মধ্যে বিদ্যুৎ (সংশোধন) বিল ২০০৫ রোববার সংসদে উপস্থাপন করা হয়।

সোমবার বিকাল ৪টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে।