২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে এরশাদপন্থী ছাত্রসমাজের মিছিলে ধাওয়া: আহত ৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার নিষিদ্ধ ঘোষিত জাতীয় ছাত্রসমাজ মিছিল বের করার চেষ্টা নিলে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর ধাওয়ার মুখে পড়ে। এ সময় ছাত্রসমাজের সাত নেতাকর্মী আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

জাতীয় ছাত্রসমাজ দীর্ঘ ১৫ বছর পর ক্যাম্পাসে একটি মিছিল বের করার চেষ্টা নিয়েছিল।

ছাত্রসমাজ আহত নেতাকর্মীদের পরিচয় জানাতে পারেনি, তবে আহত নেতাকর্মীর সংখ্যা ১৭ থেকে ১৮ জন বলে তারা দাবি করেছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং প্রক্টোরিয়াল বডির সমন্বয়ে গঠিত পরিবেশ পরিষদ ১৯৯০ সালে ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জাতীয় ছাত্রসমাজের রাজনীতিও নিষিদ্ধ ঘোষণা করে। তারপর ক্যাম্পাসে ছাত্রসমাজের কোনও রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্রসমাজের ২০ থেকে ৩০ জন নেতা কর্মী হাকিম চত্ত্বর ও বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় অবস্থান নেয়। বেলা সাড়ে ১২ টার দিকে তারা হাকিম চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে মধুর কেন্টিন, লেকচার থিয়েটার প্রদক্ষিণ করে।

ছাত্রসমাজের মিছিলটি লেকচার থিয়েটারের সামনে পৌঁছলে জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠন তাদের ধাওয়া করে এবং পাশাপাশি তাদের মারধোরও করে।

এ ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রসমাজ তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানায় এবং জড়িতদের শাস্তি দাবি করে।

হামলাকারীদের পরিকল্পনা জানার পরও কোনও পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সার্জেন্ট আনোয়ারের অপসারণ দাবি করে।

সংবাদ সম্মেলনে ছাত্রসমাজ পরিবেশ পরিষদের সদস্য করে নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছে।