২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গাপীড়িতদের খাদ্য ও ত্রাণের দাবিতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

উত্তরবঙ্গের মঙ্গাকবলিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে নিরন্ন মানুষের জন্যে জরুরি ভিত্তিতে খাদ্য ও ত্রাণসামগ্রী পাঠানোর দাবিতে স্বেচ্ছাসেবক লীগ শনিবার রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

নগরীর মুক্তাঙ্গন-জিরো পয়েন্ট এলাকায় সকাল ১১টা থেকে এক ঘন্টার এ কর্মসূচিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

মানববন্ধন শেষে ২২ নভেম্বরের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে একটি বিশাল মিছিল বের করা হয়।

মিছিল শেষে বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, মোল্লা আবু কাউসার, নির্মল রঞ্জন গুহ, জাহাঙ্গীর বিশ্বাস, মতিউর রহমান মতি, পথিক সাহা ও অ্যাডভোকেট মঞ্জু নাজনীন।