মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি: টার্গেট ১৫ লাখ, জমায়েত হবে পল্টনের ৫ কি.মি. জুড়ে
রাজধানীকে ২২ নভেম্বর কার্যত অচল করে দিতে চায় বিরোধী দল। আওয়ামী লীগসহ ১৪ দল এদিন পল্টন ময়দানের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় কমপক্ষে ১৫ লাখ মানুষের সমাগম ঘটাতে চায়। আর এ কর্মসূচি সফলের মাধ্যমে আন্দোলনে নতুন মাত্রা শুরু করবে বিরোধী দল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সম্বয়ক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানিয়েছেন, ‘চলো চলো ঢাকা চলো’ স্লোগানে সারা দেশ থেকে লাখ লাখ মানুষের ঢল নামবে ঢাকায়। শুধু পল্টন ময়দান নয়, আশপাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের জমায়েত হবে। আর এ মহাসমাবেশ থেকে সরকার পতনের সমন্বিত চূড়ান্ত আন্দোলন ও আগামীতে জনগণের সরকার গঠনের ন্যূনতম কর্মসূচির ঘোষণা আসবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, মহাসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ১৫ থেকে ২৫ লাখ লোক ঢাকায় আসবে। আর তাদের স্বাগত জানাতে চলছে সর্বশেষ প্রস্তুতি। মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করে সরকার পতন আন্দোলনকে এগিয়ে নিতে দেশের মানুষ এখন প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল শনিবার সকালে পল্টন ময়দানের সমাবেশস্থল পরিদর্শন করেন। দলের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান নূর এমপি ও অসীম কুমার উকিল এসময় উপস্থিত ছিলেন।
বিরোধী শিবিরে এখন চলছে মহাসমাবেশের চূড়ান্ত প্রস্তুতি। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সফল করতে ও সারা দেশ থেকে আগত মানুষের অভ্যর্থনাসহ প্রয়োজনীয় সহায়তা দিতে গঠন করা হয়েছে সাতটি উপ কমিটি।
এর মধ্যে রয়েছে অভ্যর্থনা, চিকিৎসা, দপ্তর, স্বেচ্ছাসেবক, লিগ্যাল এইড ও সাংস্কৃতিক উপ কমিটি। এছাড়া ২৩, বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হয়েছে ১৪ দলের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ।
সূত্র জানায়, সারা দেশ থেকে আগতদের অভ্যর্থনা জানাতে ঢাকার সকল প্রবেশ মুখে বসানো হবে ১৪ দলের পাঁচটি অভ্যর্থনা কেন্দ্র। এগুলো হচ্ছে: কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলি, সায়েদাবাদ ও মহাখালি বাস টার্মিনাল। নগরীর প্রবেশ মুখগুলোতে নির্মাণ করা হবে তোরণ।
মহাসমাবেশের শৃঙ্খলা রক্ষা এবং আগতদের সার্বিক সহায়তা দিতে এদিন ১৪ দলের ব্যাজ লাগানো পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবে। এছাড়া আগতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে কাজ করবে চারটি মেডিক্যাল টিম।
মহাসমাবেশের আনুষ্ঠানিক কাজ শুরু হবে বেলা ৩টায়। পল্টন ময়দান ছাড়াও এর আশপাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে লাগানো হবে পাঁচশ’ মাইক।
এছাড়া প্রচারণার অংশ হিসেবে রোববার সকাল থেকে ২২ নভেম্বর মঙ্গলবার সকাল পর্যন্ত সকল পাড়া মহল্লায় মাইকিং করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘স্পট মাইকিং’ এরও ব্যবস্থা থাকবে।
মঙ্গলবার সকাল থেকে মহাসমাবেশের আনুষ্ঠানিক কাজ শুরু হওয়া পর্যন্ত চলবে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও গণসঙ্গীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
পল্টন ময়দান ছাড়াও লোক সমাগমস্থলের ২০টি পয়েন্টে থাকবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। এজন্যে পানির গাড়ির পাশপাশি সরবরাহ করা হবে এক লাখ লিটার বিশুদ্ধ পানি।
এদিকে শনিবার সকালে ঢাকা মহানগর ১৪ দলীয় নেতৃবৃন্দ গণফোরাম কার্যালয়ে সভায় বসে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। মহাসমাবেশ সুষ্ঠুভাবে সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে তারা আলোচনা করেন।
গণফোরাম নেতা মোস্তফা মহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুল হক সবুজ, আব্দুল কুদ্দুস,জাসদ নেতা মীর হোসাইন আখতার, ওয়ার্কার্স পার্টির দীপংকর সাহা, ন্যাপ’র এমএ গণি, গণতন্ত্রী পার্টির শরাফত আলী হীরা, গণআজাদী লীগের আব্দুল জাব্বার ও সাম্যবাদি দলের হারুন চৌধুরীসহ ১৪ দলের মহানগর নেতৃবৃন্দ।
এছাড়া, মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে এর আওতাভুক্ত বেসিক ইউনিয়ন, থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির এক সমন্বয় সভা শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের অপর সভা অনুষ্ঠিত হয় কমলাপুর রেল স্টেশনে। এতে ঢাকা, কারখানা, প্রশাসন ভবন, রেল ভবন, নারায়ণগঞ্জ, টঙ্গি ও জয়দেবপুর রেল শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ অংশ নেন।
